খিলগাঁওয়ে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতা কর্মী গ্রেপ্তার: ডিএমপি

রাজধানীর খিলগাঁও ও রামপুরা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১৬ নভেম্বর) পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী রয়েছেন।
আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী নাফিজ ইবনে সাঈদ (১৯), খিলগাঁও থানার ৭৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন (৪৬), রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ (৬০), ২৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু (৪৮), ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ১ নম্বর ইউনিটের সদস্য নাসির উদ্দিন (৫০), রামপুরা থানা ছাত্রলীগের সক্রিয় সদস্য রবিউল ইসলাম মুন্না (২৩), রামপুরা থানা আওয়ামী লীগের সদস্য আনোয়ারুল হক (৬৮) এবং রামপুরা থানা যুবলীগের সদস্য মো. সৌরভ ইবনে নবী মৃদুল (৩৪)।
ডিএমপি সূত্রে জানা যায়, সোমবার বেলা পৌনে ২টার দিকে খিলগাঁও মডেল কলেজের সামনে অভিযান চালিয়ে নাফিজ ইবনে সাঈদকে গ্রেপ্তার করে খিলগাঁও থানা-পুলিশ। একই দিন রাত সাড়ে ৯টার দিকে খিলগাঁওয়ের ত্রিমোহনী মাতবর বাড়ি রোড এলাকায় অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, সোমবার রাত পৌনে ১২টার দিকে রামপুরা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৬ নেতা কর্মীকে গ্রেপ্তার করে রামপুরা থানা-পুলিশ।









