সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। আজ মঙ্গলবার সকালে সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার খেজুরবাগান এলাকায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। একপর্যায়ে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন কয়েকটি কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এর আগে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে হেমায়েতপুরের পদ্মার মোড়ে স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকেরা কারখানায় প্রবেশ না করে সড়কে জড়ো হন। তাঁরা সড়কে বর্জ্য ফেলে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ ও বিজিবির সদস্যরা তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন সড়ক ও গলিতে অবস্থান নেন। এরপর বিভিন্ন স্থানে থেমে থেমে উত্তেজনা দেখা দেয়।
অন্যদিকে সকাল সাড়ে আটটার পর আশুলিয়ার খেজুরবাগান এলাকাতেও শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ সেখানে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে বেলা ১১টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় একাধিক পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ বলেন, হেমায়েতপুরের প্রায় সব পোশাক কারখানার শ্রমিকেরা আজ কাজে যোগ না দিয়ে আন্দোলনে নেমেছেন। একেএইচসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা মহাসড়কে জড়ো হয়ে অবরোধ করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও বিজিবির সদস্যরা কাজ করছেন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মেদ বলেন, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসন ও পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
শিল্প পুলিশের একটি সূত্র জানায়, আজ শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩(১) ধারায় আটটি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কয়েকটি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।
সকাল সাড়ে ১১টা পর্যন্ত একাধিকবার ফোন করেও শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়ার বক্তব্য পাওয়া যায়নি।









