Ajker Patrika

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে নিহত দুখু মিয়া

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ২১: ১০
যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে নিহত দুখু মিয়া
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তের গুলিতে মারুফ ওরফে দুখু মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ধলপুর ওয়াসার গেট সিটি করপোরেশনের ময়লার গাড়ি রাখার গ্যারেজে ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহত মারুফের খালাতো বোন বিথী আক্তার জানান, মারুফ মা সেলিনা বেগমকে নিয়ে ধলপুর সিটি পল্লীতে থাকতেন। এক বছর আগে মিম আক্তার নামে এক মেয়ের সঙ্গে বিয়ে হয় মারুফের। মারুফের বাবা আব্দুর রশীদ অনেক আগেই মারা গেছেন। মারুফ দয়াগঞ্জে অ্যালুমিনিয়াম পাতিল কারখানায় কাজ করতেন। তিন ভাই ও এক বোনের মধ্যে মারুফ ছিলেন ছোট।

বিথী আক্তার আরও জানান, সন্ধ্যার দিকে কাজ শেষ করে মারুফ বাসায় ফেরেন। কিছুক্ষণ পর স্বল্প সময়ের জন্য বাইরে যাবেন বলে স্ত্রী মিমকে জানান। এরপর লোক মারফত জানতে পারেন ওয়াসা গেটে গুলির ঘটনা ঘটেছে। সেখানে মারুফের বুকের ডানপাশে গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে, চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মারুফের এলাকায় কোনো বিরোধ ছিল না দাবি করলেও কে বা কারা গুলি করেছে, তা জানাতে পারেননি স্বজনেরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওই যুবকের বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা-পুলিশকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত