Ajker Patrika

জাবি শিক্ষার্থী শারমিন হত্যার তদন্ত ও বিচারের দাবি জাকসুসহ ছাত্রসংগঠনগুলোর

জাবি প্রতিনিধি
জাবি শিক্ষার্থী শারমিন হত্যার তদন্ত ও বিচারের দাবি জাকসুসহ ছাত্রসংগঠনগুলোর
শারমিন জাহান। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদসহ (জাকসু) বিভিন্ন ছাত্রসংগঠন। পৃথক বিবৃতিতে তারা এ ঘটনার তীব্র নিন্দা, গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে।

গতকাল রোববার (১৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ইসলামনগর এলাকার একটি বাসা থেকে লোকপ্রশাসন বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী শারমিন জাহানের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর জাকসু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং জাতীয় ছাত্র শক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা পৃথক বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়েছে।

জাকসুর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, শারমিনের মাথায় গভীর আঘাতের চিহ্ন ও রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার এবং বাসায় তাঁর ল্যাপটপ ও মোবাইল ফোন খুঁজে না পাওয়ায় বিষয়টি প্রাথমিকভাবে একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়। সংগঠনটি দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটন করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে নিহত শিক্ষার্থীর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় আইনি ও মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাবি সংসদ এক বিবৃতিতে জানায়, ক্যাম্পাসের নিকটবর্তী এলাকায় একজন শিক্ষার্থীর এমন নির্মম হত্যাকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক এবং এটি শিক্ষার্থীদের নিরাপত্তাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। সংগঠনটি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

অন্যদিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাবি শাখা শারমিন জাহানের মৃত্যুকে রহস্যজনক ও অস্বাভাবিক উল্লেখ করে ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছে। সংগঠনটি বলেছে, মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধারের বিষয়টি ঘটনাটিকে আরও উদ্বেগজনক করে তুলেছে এবং দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটন করা জরুরি।

এ ছাড়া জাতীয় ছাত্র শক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত সব অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

ছাত্রসংগঠনগুলোর নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তাঁরা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটন করে অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।

বিবৃতিতে ছাত্রসংগঠনগুলো নিহত শারমিন জাহান খাদিজার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহপাঠী ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত