
বাংলাদেশে প্রয়োজনীয় গবেষণা ও বিশ্বাসযোগ্য পরিসংখ্যানের অভাবে আন্তর্জাতিক মানের ট্যুরিজম আইকন কিংবা শক্তিশালী ট্যুরিজম প্রোডাক্ট তৈরি করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন পর্যটন খাতের উদ্যোক্তা, বিশেষজ্ঞ, একাডেমিশিয়ান ও গণমাধ্যম প্রতিনিধিরা। তাঁরা বলছেন, পর্যটন খাতের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও পরিকল্পিত গবেষণা ও তথ্যভিত্তিক উদ্যোগের ঘাটতিতে এই খাত প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি।
আজ বৃহস্পতিবার রাজধানীতে ‘পর্যটন খাতে নতুন সরকারের কাছে প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। দেশের পর্যটন খাতের থিংকট্যাংক হিসেবে সম্প্রতি আত্মপ্রকাশ করা ইউনাইটেড ট্যুরিজম স্টেকহোল্ডার সোসাইটি অব বাংলাদেশ (ইউটিএসএসওবি-উৎসব) এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
আলোচনায় বক্তারা বলেন, পর্যটন খাত শুধু বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্র নয়, বরং তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার বড় সম্ভাবনাময় খাত। এ কারণে সরকারি ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি সরকারের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরার আগে খাতটির বাস্তব অবস্থা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে গবেষণার ওপর গুরুত্বারোপ করা হয়।
গোলটেবিল বৈঠকে উল্লেখ করা হয়, বর্তমানে দেশে প্রায় ৪০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যটন খাতের সঙ্গে যুক্ত। কিন্তু এখনো আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে শক্তিশালী পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা যায়নি। অথচ বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার মতো নানান প্রাকৃতিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক উপাদান দেশের রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বদিউজ্জামান ভূঁইয়া বলেন, বিশ্বের ৫১টি দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি পর্যটন খাত। বাংলাদেশেও এ খাতকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুল ইসলাম বলেন, পর্যটন খাতের উন্নয়নে সব স্টেকহোল্ডারকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) উপদেষ্টা সৈয়দ হাবিব আলি বলেন, সরকারপ্রধানের আন্তরিক আগ্রহ ছাড়া পর্যটন খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জাভেদ আহমেদ বলেন, পর্যটন যে দেশের অর্থনীতির একটি গ্রোথ ইঞ্জিন—বিষয়টি সরকারকে কার্যকরভাবে বোঝাতে পারলে সরকার অবশ্যই এই খাতের বিকাশে আরও এগিয়ে আসবে।
মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, দেশের পর্যটন খাতের বিকাশে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
ইউটিএসএসওবির সভাপতি ড. এইচ এম হাকিম আলির সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় সূচনা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল ইকরাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি তৌফিক রহমান। আলোচনায় আরও অংশ নেন জামিউল আহমেদ জামিল, খবির উদ্দিন আহমেদ, মোহাম্মদ হানিফ, তসলিম আমিন শোভন, মহিউদ্দিন হেলাল, আসলাম খান, সৈয়দ গোলাম কাদের, মেহেদি হাসান, তাজনিম আহমেদ, মাজহারুল হক মান্নাসহ পর্যটন খাতের বিভিন্ন অংশীজন।

ইংরেজি দ্বিতীয় পত্রের খাতায় মোবাইল নম্বর লিখে এসেছিল এক এইচএসসি পরীক্ষার্থী। খাতা দেখতে গিয়ে নম্বরটি চোখে পড়ে পরীক্ষকের। তিনি ফোন করে ডাকেন ওই পরীক্ষার্থীকে। সে গিয়ে দেখে, পেয়েছে ২৫ নম্বর। পরে পরীক্ষকের হাতে গুঁজে দেয় ২ হাজার টাকা। এরপর পরীক্ষক তাকে খাতা দেন লিখতে। লেখার পর তার নম্বর হয় ৫০।
২ ঘণ্টা আগে
প্রতিবছর দুর্গাপূজার আগে কলকাতায় পদ্মার ইলিশ যাবে কি না, তা নিয়ে মুখিয়ে থাকে পশ্চিমবঙ্গ। কিন্তু এবার দৃশ্যপট ভিন্ন। দেশের বাজারে ইলিশের সংকট মেটাতে ভারত থেকেই ইলিশ আসছে। আর এই আমদানি করা ইলিশই যশোরে বিক্রি হচ্ছে ‘বরিশালের ইলিশ’ নামে। দামও চড়া। এতে করে দাম ও মান—দুই দিক থেকে প্রতারিত হচ্ছেন গ্রাহকেরা
২ ঘণ্টা আগে
বিদ্যুতের খুঁটি সময়মতো না সরানোয় ধীরগতিতে চলছে সাতক্ষীরা সদর থেকে ভেটখালী পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজ। এ কারণে দুই ধরনের ভোগান্তিতে পড়েছেন স্থানীয় মানুষ। একদিকে নির্মাণকাজে ধীরগতির কারণে তাঁদের যাতায়াতে ভোগান্তি দীর্ঘ হচ্ছে, অন্যদিকে বিদ্যুতের খুঁটি অপসারণের জন্য দিনভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রা
২ ঘণ্টা আগে
পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে রাজশাহী মহানগরের ২৪ নম্বর ওয়ার্ডের তালাইমারি শহীদ মিনার এলাকার নদীতীরে বসবাসরত বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
৪ ঘণ্টা আগে