Ajker Patrika

পিডিবির সাবেক চেয়ারম্যান আলমগীরকে দুদকের জিজ্ঞাসাবাদ, টার্গেটে ডজনের বেশি কর্মকর্তা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২০ মে ২০২৬, ২১: ৩০
পিডিবির সাবেক চেয়ারম্যান আলমগীরকে দুদকের জিজ্ঞাসাবাদ, টার্গেটে ডজনের বেশি কর্মকর্তা

বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁকে এক ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন দুদকের কর্মকর্তারা।

এ ছাড়াও পিডিবির সাবেক আরও তিন চেয়ারম্যানসহ ডজনের বেশি কর্মকর্তার বিরুদ্ধেও অনুসন্ধান চলছে বলে জানিয়েছে কমিশনের অনুসন্ধান-সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র।

আজ বুধবার সকালে দুদকের তলবে রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে হাজির হন আলমগীর কবির। সেখানে তাঁকে এক ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন দুদকের কর্মকর্তারা। কমিশনের অনুসন্ধান-সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বলেন, আলমগীর কবিরসহ সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত অনুমোদন পাওয়া বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট, ক্যাপাসিটি চার্জ ব্যবস্থার মাধ্যমে সরকারের বিদ্যুৎ ক্রয় এবং বিদ্যুৎ খাতের নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়।

দুদক সূত্র জানায়, অভিযুক্ত এই কর্মকর্তার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন প্রকল্প থেকে ঘুষ গ্রহণ, স্বজনপ্রীতির মাধ্যমে প্রকল্প অনুমোদন, ভুয়া প্রকল্প দেখিয়ে ঋণ গ্রহণ ও অর্থ আত্মসাতের মতো অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। তিনি বিগত সরকারের আমলে ভুয়া প্রকল্প ও নজিরবিহীন অনিয়মের মাধ্যমে শত শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন বলে উল্লেখ রয়েছে দুদকের অভিযোগে।

দুদক সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারে সময়ে বিপিডিবির সাবেক এই কর্মকর্তার পাশাপাশি প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান খালেদ মাহমুদ, মাহবুবুর রহমান ও বেলায়েত হোসেনের অবৈধ সম্পদের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে তাঁদের সম্পদ ও সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক।

পিজিসিবি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আল-বেরুনী, বিপিডিবির সদস্য আ ন ম ওবায়দুল্লাহ, সাবেক সদস্য মো. শামসুল আলম, প্রধান প্রকৌশলী মো. মফিজুল ইসলাম, সাবেক প্রধান প্রকৌশলী ও পিজিসিবির সাবেক ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের (কুমিল্লা জোন) প্রকল্প পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মঈন উদ্দিন, পরিচালক সাইদ একরাম উল্লাহ, মনিরুজ্জামান এবং আ ন ম তারিক আবদুল্লাহর বিরুদ্ধেও অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি।

দুদকের উপপরিচালক (বিশেষ তদন্ত-১) মুহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল অভিযোগগুলোর প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত