Ajker Patrika

‘একটা স্নাইপার থাকলেই হতো’ মন্তব্যকারী যুবক স্বীকারোক্তি শেষে কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘একটা স্নাইপার থাকলেই হতো’ মন্তব্যকারী যুবক স্বীকারোক্তি শেষে কারাগারে
আটক আবু বকর সিদ্দিক। ছবি: সংগৃহীত

রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে ব্যবহৃত বাসের ছবি ফেসবুকে করে একটি পোস্টে ‘একটা স্নাইপার থাকলেই হতো’ মন্তব্যের ঘটনায় গ্রেপ্তার যুবক আবু বকর সিদ্দিক আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি দেওয়া শেষ হলে তাঁকে কারাগারে পাঠানো হয়।

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

এর আগে ৭ দিনের রিমান্ড শেষে আবু বকর সিদ্দিককে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইয়াছিন তাঁর জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। পরে আদালত তাঁর জবানবন্দি লিপিবদ্ধ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৩ অক্টোবর আবু বকর সিদ্দিককে কারাগারে পাঠানো হয়। পরে গত ২৫ অক্টোবর আবু বক্কর সিদ্দিককে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।

পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও রাজশাহী মহানগর পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২১ অক্টোবর বিকেল ৫টায় রাজশাহীর পবা থানার ঘোল হাঁড়িয়া দক্ষিণপাড়া এলাকার একটি বাসা থেকে আবু বকর সিদ্দিক ও তাঁর বাবা মো. আয়নাল হককে আটক করে। পরে তাঁর বাবাকে ছেড়ে দেওয়া হয়।

এরপর ২৩ অক্টোবর ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের এসআই মানিক হোসেন রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনে আবু বকর সিদ্দিক এবং অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় বলা হয়, গত ২১ অক্টোবর ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারির সময় ‘দা বিউটি অব রাজশাহী’ নামে একটি ফেসবুক গ্রুপে ‘মাইশা আনজুম’ নামে আইডি থেকে পোস্ট করা প্রধানমন্ত্রীকে বহনকারী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাসের ছবি দেখতে পায়। ওই পোস্টের মন্তব্যে ‘মো. আবু বক্কর সিদ্দিক’ নামের ফেসবুক আইডি থেকে লেখা হয়- “ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপার এর অভাব ছিলো”।

আবু বকর সিদ্দিকের ফেসবুকে এই মন্তব্য নজরে আসার পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে ডিবি-পুলিশ। পরে

অভিযানের সময় সিদ্দিকের কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার ও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিদ্দিক তাঁর ব্যবহৃত ফেসবুক আইডি থেকে ওই কমেন্টটি করার কথা স্বীকার করেন। তবে তার বাবা সোশ্যাল মিডিয়া বা ঘটনার বিষয়ে কিছু না জানায় প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাঁকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

জবানবন্দিতে আবু বক্কর সিদ্দিক কোনো ষড়যন্ত্রের কথা বা অন্য কেউ এ ঘটনায় জড়িত ছিলেন তা বলেছেন কি না, জানা যায়নি। তবে ফেসবুকে তিনি পোস্ট করেছেন এটা স্বীকার করেছেন বলে জানা গেছে। তাকে যেদিন রিমান্ডে নেওয়া হয় সেদিন তিনি বলেছিলেন তিনি মজা করে ফেসবুকে লিখেছিলেন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত