বিচার বিভাগের স্বায়ত্তশাসন বিচারব্যবস্থার জন্য অপরিহার্য

বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও স্বায়ত্তশাসন বজায় রাখা এবং বিচারকদের পেশাগত সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করা একটি দক্ষ বিচারব্যবস্থার জন্য অপরিহার্য। একটি স্বাধীন, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক বিচারব্যবস্থা গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ। আইনের শাসন প্রতিষ্ঠা, মৌলিক মানবাধিকার রক্ষা ও সামাজিক ন্যায়বিচার সুনিশ্চিত করতে স্বাধীন বিচার বিভাগের ভূমিকা অপরিসীম।
আজ রোববার বিচার বিভাগ পৃথকীকরণ দিবস উপলক্ষে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে এ কথা বলা হয়।
জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী হোসাইন ও মহাসচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের স্বাক্ষর করা বিবৃতিতে বলা হয়, বিচার বিভাগ পৃথকীকরণের পর থেকে বিচারকেরা নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সত্ত্বেও অত্যন্ত নিষ্ঠা, সততা এবং সাহসিকতার সঙ্গে সাধারণ মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বিবৃতিতে আরও বলা হয়, জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আইনের শাসন সমুন্নত রাখতে এবং জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ণ রাখতে বিচার বিভাগের স্বাধীনতাকে আরও বেগবান করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। সে সঙ্গে বিচারব্যবস্থার সার্বিক উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্ট সব মহলের আন্তরিক সহযোগিতা ও ইতিবাচক ভূমিকা কামনা করা হয় বিবৃতিতে।









