Ajker Patrika

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ বলা শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা চায় কলেজ কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ বলা শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা চায় কলেজ কর্তৃপক্ষ
আটক আবু বকর সিদ্দিক। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষার্থী আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠি পাঠিয়েছেন কলেজের অধ্যক্ষ। একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কাছেও চিঠি পাঠানো হয়েছে।

আজ রোববার কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার স্বাক্ষরিত ওই চিঠিতে শিক্ষার্থীর মন্তব্যকে ‘হিংসাত্মক ও আক্রমণাত্মক’ হিসেবে উল্লেখ করা হয়। একই দিন অনুষ্ঠিত কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে আলোচনা করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়।

চিঠিতে বলা হয়েছে, কলেজের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মো. আবু বকর সিদ্দিক প্রধানমন্ত্রীর সফরসংক্রান্ত একটি ছবির নিচে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে গ্রেপ্তার করেছে। বিষয়টি একাডেমিক কাউন্সিলের নজরে আসার পর শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করার সিদ্ধান্ত হয়।

ইতিহাস বিভাগের প্রধান ড. শাহনাজ পারভিন বলেন, ‘আবু বকর সিদ্দিক যে কাজটি করেছে সেটিকে আমরা গর্হিত অপরাধ হিসেবে বিবেচনা করেছি। এ জন্য অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আলোচনা হয়। কলেজ কর্তৃপক্ষ যেহেতু ব্যবস্থা নিতে পারে না, তাই যেখান থেকে ব্যবস্থা নেওয়া যায় সেখানেই চিঠি দেওয়ার কথা হয়। সে অনুযায়ী চিঠি গেছে। বিষয়টি সভার কার্যবিবরণীতেও লিপিবদ্ধ করা হয়েছে।’

উল্লেখ্য, গত ২০ অক্টোবর রাজশাহী সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান রুয়েটের গাড়িতে চলাচল করেন। ওই সফরের একটি ছবি ফেসবুকে প্রকাশ করা হলে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি আইডি থেকে ছবিটির মন্তব্যের ঘরে লেখা হয়, ‘ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপার এর অভাব ছিল।’

মন্তব্যটি নজরে আসার পর গত ২২ অক্টোবর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে রাজশাহীর পবা উপজেলার ঘোলহাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের মামার বাড়ি থেকে আবু বকর সিদ্দিককে আটক করা হয়। এর আগে রাজশাহীর কেচুয়াতৈল এলাকার বাড়ি থেকে তাঁর বাবা আয়নাল হককেও হেফাজতে নেওয়া হয়েছিল। পরে তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

আবু বকরের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আজ রোববার জিজ্ঞাসাবাদের জন্য তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত