
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘অনেক মার্কেট সিটি করপোরেশনের নকশাবহির্ভূত সম্প্রসারণ করা হয়েছে। এমনকি এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) বসাতে গিয়ে মার্কেটের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে।’ আজ শনিবার রাজধানীর নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডের পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি মেয়র বলেন, ‘বারবার এমন অগ্নিকাণ্ড ঘটায় আমরা শঙ্কিত। নাশকতা সৃষ্টির জন্য এমন অগ্নিকাণ্ড ঘটছে কি না, আমরা সেদিকে লক্ষ রাখছি। এই বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা ও সুষ্ঠু তদন্ত করা প্রয়োজন।’
মেয়র আরও বলেন, ‘আমরা লক্ষ করেছি, গতকাল আগুন লেগেছে, গত পরশু আগুন লেগেছে। এর আগে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারের উচ্চ মহলে আমার অনুরোধ, গোয়েন্দা সংস্থাসহ প্রশাসনের অন্যান্য বিভাগ যেন বিষয়টি খতিয়ে দেখে। পাশাপাশি এসব ঘটনার সঙ্গে জড়িতদের অবশ্যই বের করতে হবে।’
ঢাকা দক্ষিণের এই নগরপিতা আরও বলেন, ‘প্রায়ই অগ্নিকাণ্ড ঘটছে। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মার্কেটগুলোতেই আগুন লাগছে। আমাদের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ দক্ষতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণ করেছে। এ জন্য তাদের ধন্যবাদ জানাই। এ ছাড়া পর্যায়ক্রমে আমরা ক্ষতি নির্ণয় করব এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়াসহ পুনর্বাসন করব।’
নিউমার্কেটের ফুট ওভার ব্রিজ থেকে আগুন লেগেছে—এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘নিউমার্কেটের ফুট ওভার ব্রিজ দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ। গত বছরও ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়। এরপর ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করে এটি ভাঙা হচ্ছে। আমরা ভোর ৫টা ১৫-২০ মিনিটে কাজ শেষ করেছি। আর মার্কেটে আগুন লেগেছে ৫টা ৪০ মিনিটে। এরপরও কেউ কেউ এর সঙ্গে আগুনের সংশ্লিষ্টতা বের করার অপচেষ্টা করছে।’
নগরপিতা আরও বলেন, এই ব্রিজটি হাতুড়ি দিয়ে ভাঙা হচ্ছে। সেখান থেকে আগুন লাগার সুযোগ নেই।
আরেক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘এই মার্কেটে আমাদের যে নকশা কাঠামো সেটির অনেক পরিবর্তন করা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র লাগাতে গিয়ে সবগুলো মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। যে প্রবেশদ্বারগুলো উন্মুক্ত রাখার কথা, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যাপকভাবে এর মূল নকশা পরিবর্তন করা হয়েছে। আমরা অনেক নকশাবহির্ভূত ভবন ভেঙেছি। এখনো অনেক ভবন রয়ে গেছে। আমি সংশ্লিষ্টদের অনুরোধ করব, অবৈধভাবে কোনো নকশাবহির্ভূত স্থাপনা করবেন না। এর পরিণতি কী হয়, সেটি আমরা দেখছি। মার্কেটগুলোকে অবশ্যই আগুন নির্বাপণ ব্যবস্থার পরিপালন করতে হবে। এর আর ব্যত্যয় হওয়া যাবে না।’
ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে অনেকগুলো মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। এই বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কী ব্যবস্থা নেবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা দুর্যোগ মোকাবিলায় একটি স্থায়ী কমিটি করেছি; আমরা দুর্যোগ-পরবর্তী সভা করছি। কিন্তু এখন প্রতিদিনই আগুন লাগছে। যার করণে আমরা সেভাবে সময় পাচ্ছি না। আমরা ভেবেছিলাম ঈদের পর এই বিষয়ে আমরা সব মহলের সঙ্গে বসে ব্যবস্থা নেব। কিন্তু এখন প্রতিদিন যেভাবে আগুন লাগছে, তাই আমরা শঙ্কিত, কোনো নাশকতা করা হচ্ছে নাকি। এই বিষয়টি খতিয়ে দেখা হবে।’
মেয়র আরও বলেন, ‘রাতের বেলা আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকে। এ সময় আগুন লাগার কথা না। কিন্তু আমরা দেখছি, মানুষ যখন সাহ্রি খেয়ে ঘুমাতে যায়, তখনই আগুন লাগছে।’ এ সময় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনসহ ডিএসসিসির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউমার্কেটে আগুন লাগে। ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে একে একে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় বিজিবি, বিমান, নৌ ও সেনাবাহিনী। আইনশৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিকসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন র্যাব ও পুলিশ সদস্যরা।

বর্ষা এলেই মৌলভীবাজারের টিলা-পাহাড়ঘেরা জনপদে নেমে আসে আতঙ্ক। তবু ঝুঁকি নিয়ে এসব স্থানে বসবাস করছে অন্তত ৫০ হাজার মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত চার বছরে টিলাধসে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরপরও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসনে দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
২ ঘণ্টা আগে
গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
৩ ঘণ্টা আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
৩ ঘণ্টা আগে