
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কলেজ শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলাম রাকিবকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার চার আসামির মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন দুইজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন এবং অপর দুইজনকে রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, আসামি গোলাম রসুল শিহাব ও সাগর কবির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপরদিকে রাফিন শেখ ও শাহরিয়ার নাজিম জয়কে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শাহবাগ থানা-পুলিশ চারজনকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. মিঠু সরকার দুইজনের জবানবন্দি লিপিবদ্ধ করার ও দুইজনকে ৭ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। পরে আদালত দুইজনের জবানবন্দি লিপিবদ্ধ করার পর তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুনানি শেষে অপর দুজনকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
এর আগে শিহাবকে ঘটনাস্থল শহীদ মিনার এলাকা থেকে, সাগরকে পটুয়াখালী থেকে এবং রাফিন ও জয়কে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়। তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেছেন, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, ব্যবহৃত আগ্নেয়াস্ত্র (পিস্তল) ও দেশীয় অস্ত্র উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত করতে দুইজনকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিহাব ও সাগর হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। খুলনার শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিনের নির্দেশে এ ঘটনা ঘটানো হয়েছে বলেও তারা জানিয়েছেন।
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিবুল ইসলামকে (২৫) গত রোববার রাত সাড়ে ৮টার দিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। সোমবার দিবাগত মধ্যরাতে নিহতের বাবা মো. তরিকুল ইসলাম খোকন হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, বাদী তরিকুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের পরিচ্ছন্নতাকর্মী। তাঁর ছেলে মো. রাকিবুল ইসলাম (২৫) শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র। রাকিবুল রোববার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে শহীদ মিনার এলাকায় যান। শহীদ মিনারের পশ্চিম পাশে মোটরসাইকেল পার্কিং করার পরই আগে থেকে ওৎ পেতে থাকা ৫-৬ জন ব্যক্তি অস্ত্রশস্ত্র দিয়ে রাকিবুলকে গুলি করে। তারা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে রাকিবুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতও করে। এরপর দুর্বৃত্তরা তাঁকে মৃত ভেবে পালিয়ে যায়।
রাকিবুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউব, টিকটক ও ইনস্টাগ্রামে রাকিব আহম্মেদ নামে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করতেন। ফেসবুক ও ইউটিউবে তাঁর প্রায় আট লাখ অনুসারী রয়েছে।

বাগেরহাটের কচুয়ায় পুলিশ সদস্যকে কুপিয়ে নাদিম শেখ (৩৩) নামের এক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর সহযোগীরা।
৬ মিনিট আগে
রাজশাহীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। বরাবরের মতো এবারও রাজশাহীর হজরত শাহ মখদুম রূপোশ (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে ঈদের দিন আবহাওয়া অনুকূলে না থাকলে একই সময়ে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহ মখদুম রূপোশ (র.) দরগা মসজিদে।
৯ মিনিট আগে
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম আনোয়ারের বদলির প্রতিবাদে সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৬ মিনিট আগে
রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের চাপায় একটি ইঞ্জিনচালিত ট্রলার দুর্ঘটনার শিকার হয়েছে। এ দুর্ঘটনায় একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আরও ২-৩ জন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
১৯ মিনিট আগে