Ajker Patrika

উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা
স্থানীয়দের হামলার মুখে দৌড়ে পালান পুলিশ সদস্যরা। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর মিরপুরের পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকায় সরকারি জমি উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের হামলার মুখে পড়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা। এ ঘটনায় অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয় এবং ধাওয়া দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পিছু হটে দৌড়াতে দেখা যায়।

আজ বুধবার সকাল ১০টার দিকে পল্লবী থানার সেকশন-১১ বাউনিয়াবাঁধ এলাকায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ৫৩৩ ফ্ল্যাট প্রকল্পের পশ্চিম পাশে অধিগ্রহণ করা সরকারি জমি এবং পুনর্বাসন জোনের তিন রাস্তার ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছিল। অভিযানে অংশ নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। দীর্ঘদিন ধরে ওই এলাকায় বস্তিঘর, গ্যারেজ, ভাঙারির দোকান, মাদক স্পট ও রাজনৈতিক ক্লাব গড়ে তুলে প্রায় ৫০ বিঘা সরকারি জমি দখল করে রাখা হয়েছিল।

অভিযান শুরুর কিছুক্ষণের মধ্যেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তির বাসিন্দারা সংঘবদ্ধ হয়ে পুলিশ ও প্রশাসনের সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দৌড়ে সরে যেতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকায় প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের বসবাস। তারা অভিযোগ করেন, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই প্রশাসন ঘরবাড়ি ভাঙার কাজ শুরু করায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

পরে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার বলেন, জাতীয় গৃহায়ণের দখল হওয়া সরকারি জায়গা উদ্ধার করতে গেলে স্থানীয়রা পুলিশের ওপর হামলা চালায়। তিনি জানান, দুপুর ১২টার দিকে অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ করা হলে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। আহতদের রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। দুপুরের বিরতির পর আবারও উচ্ছেদ অভিযান শুরু হয়। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। পুলিশ কর্মকর্তারা জানায়, স্থানীয়দের হামলায় পাঁচজন পুরুষ ও দুজন নারী পুলিশ সদস্য আহত হন।

এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র হাতে পুলিশ সদস্যদের ধাওয়া করছেন। এ সময় কয়েকজন পুলিশ সদস্যকে হেলমেট ফেলে দৌড়ে সরে যেতে দেখা যায়। নারী পুলিশ সদস্যরাও দৌড়ে নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত