
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম মীর আরিফ মিলন (৫০)। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের ১৫ জন।
আজ সোমবার দুপুরে কুলিয়ারচর উপজেলার ছয়সুতি ইউনিয়নে ঘটনাটি ঘটে। নিহত মীর আরিফ মিলন উপজেলার ছয়সুতি ইউনিয়নের পূর্ব ছয়সুতি গ্রামের হাজি জমির উদ্দিনের ছেলে। তিনি ছয়সুতি বাজারের জুতা ব্যবসায়ী এবং স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি ও উপজেলা বিএনপির সদস্য। ছয়সুতি ইউনিয়নের কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সদস্যও ছিলেন তিনি।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আজ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছয়সুতি ইউনিয়নে আহলে সুন্নত ওয়াল জামাতের পক্ষ থেকে জশনে জুলুস ও মাহফিল আয়োজনের কথা ছিল। অপর দিকে ইমাম ওলামা পরিষদের পক্ষ থেকেও একটি মাহফিলের আয়োজনের কথা ছিল। দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল রোববার দুই পক্ষের অনুষ্ঠানই বন্ধ রাখতে বলা হয়। তবে পরে পৃথক সময়ে দুই পক্ষকেই অনুমতি দেওয়া হয়। আজ সকালে আহলে সুন্নত ওয়াল জামাতের পক্ষ থেকে জশনে জুলুস বের হয়। তবে উপজেলা প্রশাসন মিছিলটি ছয়সুতি বাজারে প্রবেশ করতে নিষেধ করে। কিন্তু মিছিলটি ছয়সুতি বাজারে এলে ইমাম ওলামা পরিষদের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এতে দুই পক্ষের মাঝে সংঘর্ষে বাধে।
সংঘর্ষের সময় ছয়সুতি ইউনিয়নের কেন্দ্রীয় জামে মসজিদ ভাঙচুরের ঘটনা ঘটে এবং মাজার, ঘরবাড়িও ভাঙচুর করা হয়। সংঘর্ষে ১৫ জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় বাজিতপুরের জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মীর মিলন নামে একজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইমাম ও উলামা পরিষদের নেতা মুফতি নাছির উদ্দিন রহমানিয়া বলেন, ‘প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সিরাতুন্নবী মাহফিল বন্ধ রাখি। বেলা ১১টায় বেদাতিরা পরিকল্পিতভাবে আমাদের মসজিদে হামলা চালায়। এ ঘটনায় বাজারের একজন ব্যবসায়ী নিহত হয়েছেন।’ প্রশাসনের এত নজরধারীর পরও এ হত্যাকাণ্ডের ঘটনাটি একটি ন্যক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন তিনি। তিনি এর বিচার দাবি করেন।
এদিকে সৈয়দ আবু মোহাম্মদ মঞ্জুরুল হামিদ (রহ.) মাজারের খাদেম সৈয়দ ফয়জুল আল আমিন বলেন, ‘আমাদের এখানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী আসার কথা ছিল। কিন্তু কিছু উগ্রপন্থী এতে বাধা দেয়। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা তা মেনে নিলেও আজ আমাদের ওপর তাঁরা হামলা চালিয়েছে। মাজার ঘরটি ভাঙচুরসহ আরও ১০টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করেছে।’ তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার দাবি করেন।
নিহতের ভাই আলফাজ ও ছোট বোন আছমা আক্তার বলেন, ‘সংঘর্ষের সময় দুই পক্ষকে ফেরাতে গিয়ে হামলার শিকার হয়ে মারা গেছে আমাদের ভাই।’
কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ-জোহরা বলেন, সকাল থেকে বেলা ১টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে মিছিলের অনুমতি দেওয়া হয়েছিল। অপর দিকে ইমাম ওলামাদের মাহফিলের জন্য অনুমতি দেওয়া হয় বেলা ১টার পরে। কিন্তু আহলে সুন্নত ওয়াল জামাতের ২০-২৫ জনের একটা ছোট দল মসজিদের সামনে দিয়ে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সংঘর্ষ বাধে। ঘটনাস্থলসহ আশপাশে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।’
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ আল আমিন হোসাইন বলেন, ‘এ ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।’

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেন সীতাকুণ্ডের ভাটিয়ারী বাংলাদেশ মিলিটারি গেট-সংলগ্ন রেললাইন এলাকা অতিক্রমকালে ট্রেনের পাওয়ার কার ও তার সঙ্গে লাগোয়া শীতাতপনিয়ন্ত্রিত একটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের...
১৫ মিনিট আগে
জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধারা, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের প্রশাসক এবং নৌ পুলিশের পক্ষে পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান পুষ্পস্তবক অর্পণ করেন।
২৭ মিনিট আগে
সড়ক দুর্ঘটনায় আহত রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়িতে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহাবুর হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৪৪ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকার রাকিব হোসেন পাটওয়ারী গ্রুপ ও শেখপুর এলাকার মিতুল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ এলাকার মিতুলের নেতৃত্বে সাত-আটজনের একটি দল আফজাল সড়কে রাকিব পাটওয়ারী গ্রুপের এক সদস্যকে...
১ ঘণ্টা আগে