রাজধানীর উত্তরায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে উত্তরা পূর্ব ও উত্তরা পশ্চিম থানা-পুলিশ। বুধবার (১১ নভেম্বর) পৃথক সময়ে উত্তরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
গ্রেপ্তারকৃতরা হলেন— স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মজুমদার (৩৪), কৃষক লীগের উত্তরা পূর্ব থানার সাবেক সাংগঠনিক সম্পাদক নান্নু শেখ (৪০), পটুয়াখালী জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান হীরা (২৭) এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রামাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত খান (৬৪)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবদুল্লাহপুরের পলওয়েল মার্কেটের সামনে থেকে রিপন মজুমদারকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা-পুলিশ।
অন্যদিকে উত্তরা পশ্চিম থানা-পুলিশ বিকেল ৩টা ৫ মিনিটে ১২ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ১৪ নম্বর বাসায় অভিযান চালিয়ে সালাউদ্দিন খান হীরাকে গ্রেপ্তার করে। বিকেল ৫টা ৪৫ মিনিটে ৩ নম্বর সেক্টরের আজমপুর আমীর কমপ্লেক্সের সামনে থেকে নান্নু শেখ এবং রাত পৌনে ৮টায় একই সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসার সামনে থেকে শাহাদাত খানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার সালাউদ্দিন খান হীরার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় একাধিক মামলা রয়েছে। এ ছাড়া শাহাদাত খানের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব থানায় একটি মামলা রয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নান্নু শেখ ও সালাউদ্দিন খান হীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন ষড়যন্ত্রমূলক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে অংশ নিতেন। এসব কর্মকাণ্ডের ছবি তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।










