Ajker Patrika

বিনা মূল্যের পাঠ্যবই: বই এবার আগেভাগে সংশয় শুধু মানে

• প্রাক্-প্রাথমিক স্তরের শতভাগ ও প্রাথমিকের ৯৯% বই ছাপানো শেষ।

• ইবতেদায়ির ৯৫% এবং মাধ্যমিক স্তরের ৭৭% বই ছাপানো হয়ে গেছে।

• বার্ষিক পরীক্ষার ফল ঘোষণার সময় নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা।

• মুদ্রণকারীদের বিরুদ্ধে নিম্নমানের কাগজ-কালি ব্যবহারের অভিযোগ।

রাহুল শর্মা, ঢাকা
বিনা মূল্যের পাঠ্যবই: বই এবার আগেভাগে  
সংশয় শুধু মানে
নতুন বছর শুরু হতে এখনো ১ মাস ২০ দিন বাকি। এরই মধ্যে যশোরের মনিরামপুরে পৌঁছেছে নতুন বই। ছবি: আজকের পত্রিকা

আগামী শিক্ষাবর্ষের বিনা মূল্যের পাঠ্যবই এবার আগেভাগেই পাচ্ছে শিক্ষার্থীরা। বই ছাপানোর কাজ প্রায় শেষের পথে থাকায় বার্ষিক পরীক্ষার ফল ঘোষণার দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সূত্র বলেছে, এরই মধ্যে প্রাক্-প্রাথমিক স্তরের শতভাগ এবং প্রাথমিক স্তরের প্রায় ৯৯ শতাংশ পাঠ্যবই ছাপানো শেষ হয়েছে। ইবতেদায়ি স্তরের প্রায় ৯৫ শতাংশ এবং মাধ্যমিক স্তরের প্রায় ৭৭ শতাংশ বই ছাপানো হয়েছে।

শিক্ষার্থীদের যথাসময়ে পাঠ্যবই পাওয়া নিয়ে কোনো সংশয় না থাকলেও বইয়ের মান নিয়ে শঙ্কা এবারও পুরোপুরি কাটছে না। মুদ্রণকারীদের বিরুদ্ধে দরপত্রের শর্তের নির্ধারিত মানের চেয়ে কম জিএসএমের কাগজ এবং নিম্নমানের কালি ব্যবহার করে বই ছাপানোর অভিযোগ এবারও উঠেছে।

এনসিটিবি সূত্র বলেছে, নিম্নমানের কাগজ ও ছাপার কারণে এরই মধ্যে প্রায় ৯ লাখ ফর্মা বাতিল করা হয়েছে এবং সম্পূর্ণ প্রস্তুত করা ১২ হাজার বই কেটে ফেলা হয়েছে। অনিয়মের অভিযোগে অন্তত ২৫টি মুদ্রণপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ছাপানোর কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোতে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।

আগামী শিক্ষাবর্ষের জন্য প্রাক্-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ৩১ কোটি বই ছাপানো হবে। এসব বইয়ের মধ্যে মাধ্যমিক স্তরের ২২ কোটির বেশি এবং প্রাথমিক স্তরের প্রায় ৮ কোটি ২০ লাখ বই রয়েছে। বিনা মূল্যের এসব পাঠ্যবই ছাপাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৮৭৯ কোটি টাকা।

এনসিটিবির কর্মকর্তারা বলছেন, এবার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের সময়ই শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের বই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী চলতি নভেম্বর মাসের মধ্যেই পাঠ্যবই ছাপানোর কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বইয়ের মান নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ।

এনসিটিবির হিসাব অনুযায়ী, গতকাল বুধবার পর্যন্ত প্রাক্-প্রাথমিক স্তরের শতভাগ বই ছাপানো এবং প্রাক্-সরবরাহ পরিদর্শন (পিডিআই) শেষ হয়েছে। প্রাথমিক স্তরের প্রায় ৯৯ শতাংশ বই ছাপানো হয়েছে, পিডিআই শেষ হয়েছে প্রায় ৯৮ শতাংশ বইয়ের। ইবতেদায়ি স্তরের ৯৫ শতাংশ বই ছাপানো হয়েছে এবং পিডিআই হয়েছে ৯০ শতাংশ বইয়ের বেশি। মাধ্যমিক স্তরের প্রায় ৭৭ শতাংশ বই ছাপানো হয়েছে, পিডিআই হয়েছে প্রায় ৭১ শতাংশ বইয়ের বেশি। পাঠ্যবই ছাপানোর অগ্রগতি ভালো হলেও নতুন চারটি বইয়ের ছাপার কাজ এখনো শুরু হয়নি। বইগুলো হলো—চতুর্থ শ্রেণির ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ এবং ষষ্ঠ শ্রেণির ‘আমার কারিগরি শিক্ষা’ ও ‘আনন্দময় শিক্ষা’।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনসিটিবির এক কর্মকর্তা বলেন, শেষ মুহূর্তে নতুন চারটি বই পাঠ্যক্রমে যুক্ত হওয়ায় ছাপাখানায় সময়মতো পাণ্ডুলিপি সরবরাহ করা সম্ভব হয়নি। এ কারণে বইগুলোর ছাপানোর কাজ শুরু করা যায়নি। তবে এ-সংক্রান্ত সব প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী সপ্তাহ থেকে বইগুলোর ছাপানো শুরু হবে। শিক্ষার্থীরা যথাসময়ে বই পাবে।

সব ঠিকঠাকমতো হলে দীর্ঘ কয়েক বছর পর এবার শিক্ষার্থীরা আগেভাগে নতুন বই পাচ্ছে। ২০১০ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করছে সরকার। বছরের প্রথম দিনেই সব শিক্ষার্থীর হাতে সব বই পৌঁছে দেওয়ার লক্ষ্য থাকলেও বিভিন্ন সময়ে তাতে ব্যর্থতার নজিরও রয়েছে। বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে টানা দুই শিক্ষাবর্ষে নির্ধারিত সময়ে পাঠ্যবই বিতরণ করা সম্ভব হয়নি। চলতি শিক্ষাবর্ষে বছর শুরুর ১ মাস ৭ দিন পর গত ৭ ফেব্রুয়ারি শতভাগ বই সরবরাহ সম্পন্ন করে এনসিটিবি। এর আগের শিক্ষাবর্ষে সব বই সরবরাহ করতে লেগেছিল প্রায় তিন মাস। অবশ্য সেবার বইয়ে ব্যাপক পরিবর্তন ও পরিমার্জন করা হয়েছিল।

কাগজ ও কালির মান নিয়ে অভিযোগ

দরপত্রে প্রাথমিক স্তরের পাঠ্যবইয়ে ৮০ জিএসএম এবং মাধ্যমিক স্তরের বইয়ে ৭০ জিএসএমের কাগজ ব্যবহারের শর্ত রয়েছে। কিন্তু কিছু ছাপাখানায় এর চেয়ে কম জিএসএমের কাগজে বই ছাপানোর অভিযোগ উঠেছে। পাশাপাশি ব্যবহৃত কালি ও বইয়ের বাঁধাই নিয়েও অভিযোগ রয়েছে।

এনসিটিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, অনেক প্রতিষ্ঠানের বইয়ে ব্যবহৃত কাগজের উজ্জ্বলতা ও স্থায়িত্বেও ঘাটতি রয়েছে। নির্ধারিত ব্র্যান্ডের কালি ব্যবহারের পরিবর্তে নিম্নমানের কালি ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। কোনো কোনো ক্ষেত্রে কালির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার পর তা নকল শনাক্ত হয়েছে। বইয়ের বাঁধাইয়েও ত্রুটি পাওয়া গেছে। তারপরও বেশ কিছু বইকে ছাড়পত্র দিতে হয়েছে।

সার্বিক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের গতকাল আজকের পত্রিকাকে বলেন, আগামী সপ্তাহ থেকে নতুন চার বইয়ের ছাপার কাজ শুরু হবে। এবার যথাসময়েই শিক্ষার্থীরা বিনা মূল্যের পাঠ্যবই হাতে পাবে। তিনি বলেন, পাঠ্যবইয়ের মান নিয়ন্ত্রণেও কঠোর অবস্থানে এনসিটিবি। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত