
রাজধানীতে মব কালচার, কিশোর গ্যাং, চাঁদাবাজি, মাদক, ছিনতাই ও সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন,‘ ঢাকা শহরে কোনো মব কালচার হতে দেওয়া হবে না। কেউ এমন অপচেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীর কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না।’
আজ বুধবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে প্রায় তিন কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও চাঁদাবাজি দমনে গত ১ মে থেকে বিশেষ অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যে তালিকাভুক্ত ২০৬ জন চাঁদাবাজ, ৮৪৭ জন মাদক কারবারি ও ৬৭০ জন ছিনতাইকারী-সন্ত্রাসীসহ মোট ২ হাজার ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, ‘চাঁদাবাজি ও ছিনতাইয়ের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীতে ১২৭টি কিশোর গ্যাংয়ের তালিকা থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গ্যাং লিডারদের শনাক্তে তথ্য সংগ্রহ চলছে এবং পর্যায়ক্রমে সবাইকে আইনের আওতায় আনা হবে। তবে এ সমস্যা মোকাবিলায় সামাজিক প্রতিরোধও জরুরি বলে মন্তব্য করেন তিনি।
মোহাম্মদপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের কথাও জানান তিনি।
থানায় দালালচক্র ও হয়রানির অভিযোগ প্রসঙ্গে কমিশনার বলেন, থানাকে জনবান্ধব ও সেবাবান্ধব করা হবে। কোনো থানায় দালালের উপস্থিতি বা ভুক্তভোগীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ‘জনগণ থানায় গেলে ভালো ব্যবহার পাবে, সর্বোচ্চ সহযোগিতা পাবে—এটাই আমাদের লক্ষ্য।’
ঢাকার যানজট নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার কথা তুলে ধরে কমিশনার জানান, গুরুত্বপূর্ণ মোড়ে এআইভিত্তিক ক্যামেরা স্থাপন করা হয়েছে। সড়ক আইন লঙ্ঘনের ভিডিও ফুটেজের ভিত্তিতে ই-প্রসিকিউশন চালু হয়েছে।
তিনি বলেন, ‘ট্রাফিক ব্যবস্থাপনা ঢাকার বড় চ্যালেঞ্জ। আমরা এটিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছি।’
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাট, ঈদ জামাত, শপিংমল, বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানান ডিএমপি কমিশনার। তিনি নগদ লেনদেন কমিয়ে ব্যাংকিং চ্যানেল ব্যবহারের আহ্বান জানিয়ে বড় অঙ্কের অর্থ পরিবহনে পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দেন।
ট্রাফিক পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহার ও মারধরের অভিযোগ প্রসঙ্গে কমিশনার বলেন, জনগণের সঙ্গে কোনো ধরনের খারাপ ব্যবহার বরদাশত করা হবে না। আইন অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু কারও গায়ে হাত তোলার সুযোগ নেই।
নিজের প্রধান চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘একটি নিরাপদ মহানগরী গড়ে তোলাই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ এ জন্য জনগণ, গণমাধ্যম ও পুলিশের সমন্বিত সহযোগিতা কামনা করেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘ছোট কোনো অপরাধের তথ্যও পুলিশকে দিন। ছোট অপরাধ থেকেই বড় অপরাধের জন্ম হয়।’

বগুড়ার শেরপুর উপজেলায় গভীর রাতে সেচপাম্পের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
১৩ মিনিট আগে
বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চুলকাঠির ভট্ট বালিঘাটা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে নতুন উপাচার্য নিয়োগ প্রত্যাখ্যান করে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সপ্তম দিনেও তাঁরা দাবি আদায়ে অনড় অবস্থান বজায় রেখেছেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ঐতিহ্যবাহী ফুলছড়ি হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে