Ajker Patrika

সরকারের হাতে ‘আলাদিনের চেরাগ’ নেই, সংকট কাটাতে সময় লাগবে: ডিএসসিসি প্রশাসক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
সরকারের হাতে ‘আলাদিনের চেরাগ’ নেই, সংকট কাটাতে সময় লাগবে: ডিএসসিসি প্রশাসক
জাতীয় প্রেসক্লাবে শনিবার বিডি কমার্শিয়ালের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, সরকারের হাতে আলাদিনের চেরাগ নেই। দেশের পাহাড়সম সমস্যা সমাধানে সময় লাগবে। এ জন্য সরকারকে সময় দেওয়ার পাশাপাশি সহযোগিতা করতে হবে।

আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিডি কমার্শিয়ালের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, ‘এমন একটা অবস্থায় এই সরকার দায়িত্ব পেয়েছে যে সব জায়গায় হযবরল অবস্থা। অর্থনৈতিক অবস্থা ঠিক না থাকলে অন্য কোনো কিছু ঠিক থাকতে পারে না। সবকিছু অর্থনীতির সঙ্গে সম্পর্কিত।’

ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে দেশকে এগিয়ে নিতে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে তেলের দাম বেড়েছে। এতে বাংলাদেশসহ সারা বিশ্বে প্রভাব পড়েছে। গ্যাস ও বিদ্যুৎ খাতেও নানা সমস্যা রয়েছে।

বিগত সরকারের সময়ে গ্যাস উত্তোলনের ব্যবস্থা না করে আমদানির দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল দাবি করে ডিএসসিসি প্রশাসক বলেন, আমদানির ক্ষেত্রে কমিশন বাণিজ্যের সুযোগ তৈরি হয়। একই সময়ে ব্যাংকের অর্থ লোপাটসহ বিভিন্ন অনিয়মের কারণে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নেওয়া কঠিন। তারপরও সরকার এসব সমস্যা সমাধানের চেষ্টা করছে।

প্রশাসক বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা পুরোপুরি সমাধান করা না গেলেও পরিস্থিতি উন্নয়নের চেষ্টা চলছে। বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালুর মতো পরিস্থিতি তৈরি করা হচ্ছে।

আব্দুস সালাম বলেন, ‘আমরা যদি আরও একটু সময় পাই, তাহলে দেশটা আরও একটু ভালো পর্যায়ে যাবে। আর সেই সময় পর্যন্ত ধৈর্য ধরতে হবে। সরকারকে সহযোগিতা করতে হবে।’

দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। ডেঙ্গু থেকে বাঁচতে জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘মশা তাড়ানোর পাশাপাশি মশার জন্মস্থল ধ্বংস করতে হবে। বাসাবাড়ি, আশপাশের ড্রেন ও ছাদে জমে থাকা পানি অপসারণে সবাইকে দায়িত্বশীল হতে হবে।’

প্রশাসক আব্দুস সালাম বলেন, ‘আমরা চাই না দেশের একজন মানুষও ডেঙ্গুতে মারা যাক। মশা যাতে জন্মই না হয়, সে জন্য মশার জন্মস্থল ধ্বংস করতে হবে।’

অনুষ্ঠানে বিডি কমার্শিয়ালের নবনির্বাচিত সভাপতি মো. আব্দুর রহিম জিন্নাহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কাফি খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএর পরিচালক মো. বেলায়েত হোসেন রিপন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত