Ajker Patrika

হাতিরঝিলে সন্তানসহ নারীর আত্মহত্যাচেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্যরা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৮: ৩৩
হাতিরঝিলে সন্তানসহ নারীর আত্মহত্যাচেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্যরা
ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের তৎপরতায় আত্মহত্যার চেষ্টা থেকে রক্ষা পেয়েছে এক নারী ও তাঁর ১১ মাস বয়সী শিশু। গতকাল বুধবার বিকেলে হাতিরঝিলের রাজউক প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া শাখা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন বিকেলে টহলরত আনসার সদস্য জাহিদুল ইসলাম ও রেদওয়ান দেখতে পান, এক নারী কোলের শিশুকে নিয়ে চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছেন। বিষয়টি বুঝতে পেরে তাঁরা দ্রুত ছুটে গিয়ে নারীকে বাধা দেন।

এ সময় ওই নারী বাঁচতে চান না বলে চিৎকার করতে থাকেন এবং রাস্তা থেকে সরে যেতে অস্বীকৃতি জানান। পরে সেখানে টহলরত র‍্যাব-৩ সদস্যদের সহায়তায় তাঁকে শান্ত করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

পরে হাতিরঝিল থানার দায়িত্বরত কর্মকর্তা ও আনসার সদস্যরা তাঁর কাছ থেকে পরিবারের তথ্য ও মোবাইল নম্বর সংগ্রহ করে স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ওই নারীর স্বামী শরিফুল ইসলাম। তিনি জানান, তাঁর ৩০ বছর বয়সী স্ত্রী ফারজানা হরমোনজনিত সমস্যায় ভুগছেন এবং কিছুটা মানসিক ভারসাম্যহীন। চিকিৎসার জন্য তাঁরা নারায়ণগঞ্জ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন। এ সময় মালিবাগে এক আত্মীয়ের বাসা থেকে ফারজানা শিশুকে নিয়ে কাউকে না জানিয়ে বের হয়ে যান।

পরে আনসার সদস্যরা মা ও শিশুকে অক্ষত অবস্থায় শরিফুল ইসলামের কাছে হস্তান্তর করেন। স্ত্রী ও সন্তানের জীবন রক্ষা করায় তিনি আনসার সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাহিনীর সদস্যদের এ ধরনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা উপস্থিত সাধারণ মানুষেরও প্রশংসা কুড়িয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত