রাজধানীর খিলগাঁও নাগদারপাড় এলাকায় চুরি করার অভিযোগে সন্দেহে মোস্তফা (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
আজ শনিবার সকাল ৯টার দিকে মুমূর্ষু অবস্থায় থানা-পুলিশ ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে খবর পেয়ে নাগদারপাড় ইকো পেট্রলপাম্পের সামনে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। এরপর ঢাকা মেডিকেলে নেওয়ার তাকে মৃত ঘোষণা করা হয়।
এসআই আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে ভোরের দিকে ওই যুবক একটি ওয়ার্কশপের টিনশেডের ওপর থেকে নিচে পড়ে যান। এরপর চোর সন্দেহে ওয়ার্কশপের কর্মচারীরা পিটিয়ে হত্যা করে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। নিহত মোস্তফা খিলগাঁও নন্দীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম নিয়ামত আলী।










