বাংলাদেশের স্বরূপ সন্ধানে বারবার বিভ্রান্ত হচ্ছি: সুলতানা কামাল

বাংলাদেশের প্রকৃত স্বরূপ খুঁজতে গিয়ে বারবার বিভ্রান্ত হওয়ার কথা জানিয়ে মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেছেন, রাজনীতি, সংস্কৃতি ও সমাজচিন্তার পাশাপাশি সমাজের মননেও বড় ধরনের ধস নেমেছে। তবে এ ধস কাটিয়ে ওঠার চেষ্টার মধ্য দিয়েই সামনে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘দ্বাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ এই অনুষ্ঠানের আয়োজন করে।
বক্তব্যে সুলতানা কামাল বলেন, ‘বাংলাদেশের স্বরূপটার সন্ধানে বারবার বিভ্রান্ত হচ্ছি, বারবার আমরা দূরে চলে যাচ্ছি এবং সেই কারণেই বোধ হয় আজকে একটা কথা আসছিল—একটা ধস নেমেছে। একটা বিরাট বড় ধস নেমেছে। রাজনীতিতে ধস নেমেছে, সংস্কৃতিতে ধস নেমেছে, সমাজচিন্তায় ধস নেমেছে, সমাজের মননে ধস নেমেছে। এ ধসের বাইরে আমাদের যাওয়ার যে চেষ্টা এবং সে চেষ্টার উত্তরণের কথাও এসেছে।’
হতাশা নয়, বরং ন্যায়ের প্রতি নিষ্ঠা রেখে স্মরণ করার উদ্যোগকে এগিয়ে নেওয়ার ওপর জোর দিয়ে সুলতানা কামাল বলেন, ত্বকী মঞ্চের মতো আয়োজনগুলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায়বোধ ধরে রাখার চেষ্টা করছে। এ সময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের ধন্যবাদ জানান তিনি।
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার না হওয়ার প্রসঙ্গ তুলে ধরে এই মানবাধিকারকর্মী বলেন, রাষ্ট্রের দায় ও জবাবদিহির জায়গায় ক্ষমতায় যাঁরা আসেন বা ক্ষমতা ধরে রাখতে চান, তাঁরা এমন একটি সমাজ চান না যেখানে সব মানুষের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হয়। তাঁর মতে, সরকার বা দল বদলালেও রাষ্ট্রের চরিত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি বলেই ত্বকী হত্যার বিচার হয় না।
সমাজে বিভক্তি ও বিদ্বেষ বাড়ার উদ্বেগ প্রকাশ করে সুলতানা কামাল বলেন, মুক্তিযুদ্ধের বড় শক্তি ছিল ঐক্য আর বর্তমান সংকট হলো বিচ্ছিন্নতা ও অবিশ্বাস।
মানুষের প্রতি সম্মানবোধ, মানবাধিকার ও নাগরিক মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করে সুলতানা কামাল জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ এবং ‘সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই’—এই মানবিক দর্শন ও ভালোবাসার জায়গায় ফিরে যাওয়ার আহ্বান জানান।









