রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে হবে

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় কাজে লাগিয়ে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বার্মা টাস্ক ফোর্সের চেয়ার এবং জাস্টিস ফর অল (ইউএসএ)-এর প্রেসিডেন্ট আবদুল মালিক মুজাহিদ।
জাতীয় প্রেসক্লাবে আজ শুক্রবার ‘জাস্টিস ফর দ্য রোহিঙ্গা: রেসপন্স টু দ্য আইসিজে জাজমেন্ট ইন দ্য গাম্বিয়া ভার্সেস মিয়ানমার’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান আবদুল মালিক মুজাহিদ। আসিয়াবের সহযোগিতায় জাস্টিস ফর অল ও বার্মা টাস্ক ফোর্স এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
আবদুল মালিক মুজাহিদ বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে নৈতিক ও রাজনৈতিক অবস্থান তৈরি করেছে, তা কাজে লাগিয়ে আন্তর্জাতিক সমর্থন আদায় করতে হবে। পাশাপাশি রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত, ক্ষতিপূরণ আদায় ও শরণার্থীশিবিরে আন্তর্জাতিক সহায়তা বাড়াতে উদ্যোগ নিতে হবে।
২০১৭ সালে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনের সময় তাঁদের কাছ থেকে নিপীড়ন ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষার কথা শুনেছিলেন জানিয়ে আবদুল মালিক মুজাহিদ বলেন, দীর্ঘ অপেক্ষার পর আন্তর্জাতিক বিচার আদালতের রায় সেই নিপীড়নকে আইনি স্বীকৃতি দিয়েছে। এখন রায় কার্যকর করতে আন্তর্জাতিক সমর্থন কাজে লাগিয়ে মিয়ানমারকে জবাবদিহির আওতায় আনার উদ্যোগ নিতে হবে।
এ ক্ষেত্রে চারটি বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলেন আবদুল মালিক মুজাহিদ। এগুলো হলো—মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি, রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিশ্চিত করা, ক্ষতিপূরণ আদায় এবং শরণার্থীশিবিরে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো।
মিয়ানমারের কাছ থেকে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ আদায়ের পাশাপাশি আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশের যে ব্যয় হয়েছে, তা-ও যেকোনো সমঝোতায় অন্তর্ভুক্ত করার দাবি জানান আবদুল মালিক মুজাহিদ। একই সঙ্গে রোহিঙ্গা শিবিরগুলোর জন্য যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও ওআইসিকে অর্থায়ন পুনরায় চালুর আহ্বান জানান।









