Ajker Patrika

রাজধানীর কলাবাগানে বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৯: ৩৬
রাজধানীর কলাবাগানে বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

রাজধানীর কাঁঠালবাগানে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের তিনজনসহ পাঁচজন দগ্ধের ঘটনায় ইফতি সাবা (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার। তিনি জানান, সাবার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।

সুলতান মাহমুদ আরও জানান, মৃত সাবার ছেলে আরিস রহমান মাহাদ ৫৭ শতাংশ ও সাবার স্বামী মানিক ৬ শতাংশ, এ ছাড়া সানজিদা ৩৭ শতাংশ ও তাঁর মা শামসুন্নাহার ৪০ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছে। শিশু মাহাদের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া মানিক, সানজিদা ও শামসুন্নাহারের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কাঁঠালবাগানে কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান মানিক (৩২), তাঁর স্ত্রী ইফতি সাবা (২৫) ও এক বছর বয়সী ছেলেশিশু আরিস রহমান মাহাদ। অন্য দুজন হলেন পাশের রুমের ভাড়াটে গ্রিন লাইফ নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম (২০) ও তাঁর মা শামসুন্নাহার বেগম (৫২)।

দগ্ধ মানিক জানান, চতুর্থ তলায় একটি ফ্ল্যাটে তিনি স্ত্রী-সন্তান নিয়ে সাবলেট থাকেন। সকালে বাসার ভেতর বিস্ফোরণের শব্দে তাঁর ঘুম ভাঙে, সঙ্গে সঙ্গে তাঁর শরীরে আগুন ধরে যায়। পাশে শুয়ে থাকা শিশুটিও ঝলসে যায়। তখন বাচ্চাকে নিয়ে দৌড়ে রুম থেকে বাইরে বের হন। একে একে ঝলসানো শরীর নিয়ে বের হন তাঁর স্ত্রী ও পাশের রুমের মা-মেয়ে।

মানিক আরও জানান, বাসাটিতে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে রান্না করেন তাঁরা। তবে সিলিন্ডার বাড়িটির নিচে রাখা। তাঁর ধারণা, রাতে কেউ গ্যাসের চুলাটি চালু করে রেখছিল বা লিক ছিল। সেখান থেকেই সারা রাত গ্যাস বের হয়েছে। সকালে তাঁর স্ত্রী রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতে গেলেই সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।

এদিকে, কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়েছিল। তবে তার আগেই আগুন নিভে যায়। আর প্রতিবেশীরাই দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে গেছেন। বিস্ফোরণটি বিকট ছিল। বিস্ফোরণের শব্দে দরজা-জানলা ভেঙে গেছে। লিকেজের কারণে জমে থাকা গ্যাস থেকেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত