Ajker Patrika

বিটিআরসির চিঠির আলোকে পাওনা নিষ্পত্তি চান জিপির সাবেক কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ২০: ০৮
বিটিআরসির চিঠির আলোকে পাওনা নিষ্পত্তি চান জিপির সাবেক কর্মীরা
গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউসের সামনে ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ছবি: আজকের পত্রিকা

গ্রামীণফোনের (জিপি) সাবেক কর্মকর্তা-কর্মচারীরা ২০১০ থেকে ২০১২ সালের ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) ও ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড (ডব্লিউডব্লিউএফ) সংক্রান্ত ৫ শতাংশ বিলম্বজনিত আইনগত পাওনা দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দেওয়া চিঠির আলোকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তাঁরা।

আজ সোমবার সকাল ১০টা থেকে রাজধানীর বসুন্ধরায় গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউসের সামনে ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি থেকে গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানের কাছে পাওনা নিষ্পত্তিতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠাতা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মানবিক হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা।

মানববন্ধনে আন্দোলনকারীরা বলেন, প্রায় ১৬ বছর ধরে তাঁদের এই পাওনা অনিষ্পন্ন রয়েছে। ২০২৪ সালের ২ ডিসেম্বর থেকে তাঁরা ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে আসছেন। এ সময়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, শ্রমসংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জেলা প্রশাসক ও নিয়ন্ত্রক সংস্থার কাছে স্মারকলিপিও দিয়েছেন। তবে এত উদ্যোগের পরও বিরোধের গ্রহণযোগ্য নিষ্পত্তি হয়নি।

বিটিআরসির চিঠিতে এডিআর-এর পরামর্শ

পাওনা নিষ্পত্তিতে গ্রামীণফোন ৫ শতাংশ বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ গত ২৯ জুলাই পাওনা নিষ্পত্তিতে হস্তক্ষেপ কামনা করে বিটিআরসিকে চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৪ সেপ্টেম্বর বিটিআরসির লিগ্যাল শাখা থেকে পাঠানো চিঠিতে বলা হয়, ২০১০–২০১২ সালের ডব্লিউপিপিএফ ও ডব্লিউডব্লিউএফ-সংক্রান্ত ৫ শতাংশ বিলম্বজনিত পাওনা নিয়ে উচ্চ ও নিম্ন আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ অবস্থায় দীর্ঘসূত্রতা এড়াতে আদালতের মাধ্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তি অথবা উভয় পক্ষের সম্মতি ও সংশ্লিষ্ট আদালতের প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে আরবিট্রেশন বা বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) প্রক্রিয়ায় সমাধানের পরামর্শ দিয়েছে বিটিআরসি।

ঐক্য পরিষদের আহবায়ক আবু সাদাত মো. শোয়েব বলেন, বিটিআরসির এই চিঠি বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে চিঠি পাওয়ার পরও গ্রামীণফোন কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগের কথা তাঁরা জানতে পারেননি। নিয়ন্ত্রক সংস্থা যখন সমাধানের পথ দেখিয়েছে, তখন গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কেন আলোচনার নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করছে না, সেই প্রশ্নও তোলেন তিনি।

মানববন্ধনে পাওনা নিষ্পত্তিতে গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন সাবেক কর্মীরা। তাঁদের বক্তব্য, একটি বহুজাতিক প্রতিষ্ঠানের দায়িত্ব শুধু ব্যবসায়িক প্রবৃদ্ধি ও মুনাফা অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। সাবেক কর্মীদের আইনগত পাওনা নিষ্পত্তি, মানবিক মূল্যবোধ ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিও গুরুত্বপূর্ণ।

তাঁরা অবিলম্বে বিষয়টি পর্যালোচনা করে ঐক্য পরিষদের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের তারিখ ঘোষণার দাবি জানান। একই সঙ্গে আদালতের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে এডিআর প্রক্রিয়ায় সমাধানের সম্ভাবনা যাচাই এবং পাওনা নিষ্পত্তির জন্য বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের আহ্বান জানান।

ড. ইউনূসের মানবিক হস্তক্ষেপ কামনা

গ্রামীণফোনের অন্যতম শেয়ারহোল্ডার গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতিও মানবিক ও নৈতিক ভূমিকা রাখার আহ্বান জানান আন্দোলনকারীরা।

তাঁরা বলেন, সামাজিক ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে দর্শন ড. ইউনূস দীর্ঘদিন ধরে তুলে ধরেছেন, তার আলোকে গ্রামীণফোনের সাবেক কর্মীদের দীর্ঘদিনের অনিষ্পন্ন পাওনার বিষয়েও তাঁর হস্তক্ষেপ প্রত্যাশিত। গ্রামীণ টেলিকমসহ সংশ্লিষ্ট অংশীজনদের একটি গ্রহণযোগ্য ও আইনসম্মত সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

ঐক্য পরিষদের নেতারা জানান, দীর্ঘদিনের এই বিরোধ ও আন্দোলনের মধ্যে তাঁদের সাতজন সহকর্মী মারা গেছেন। তাঁদের কেউ কেউ জীবদ্দশায় পাওনা নিষ্পত্তি দেখে যেতে পারেননি। তাঁদের পরিবারসহ অনেক সাবেক কর্মী অর্থনৈতিক ও মানসিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বক্তারা বলেন, এই পাওনা নিষ্পত্তিতে দীর্ঘ বিলম্বের সঙ্গে অনেক পরিবারের চিকিৎসা, সন্তানের শিক্ষা, জীবনযাপন ও ভবিষ্যৎ নিরাপত্তার বিষয় জড়িত। তাই বিষয়টিকে শুধু প্রশাসনিক বা আইনি বিরোধ হিসেবে দেখার সুযোগ নেই।

অন্যদিকে গ্রামীণফোন একাধিকবার বিবৃতি দিয়ে জানিয়েছে, এ বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। আদালতের মাধ্যমেই বিষয়টি নিষ্পত্তি হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত