Ajker Patrika

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২: ২১
স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার
ফাইল ছবি

রাজধানীর মিরপুরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার সকালে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

প্রত্যাহারের পর ওসি জাহাঙ্গীর আলমকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ঢাকায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলমকে প্রশাসনিক কারণে ২৬ সেপ্টেম্বর বিকেলে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হলো।

আদেশে জাহাঙ্গীর আলমকে শাহ আলী থানার অফিসার ইনচার্জ হিসেবে উল্লেখ করে তাঁর নতুন কর্মস্থল হিসেবে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর নির্ধারণ করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা যায়, মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় পুলিশের গাফিলতি ছিল। স্বাস্থ্যকেন্দ্রটি থেকে এক কিলোমিটার দূরে শাহ আলী থানা অবস্থিত। গত বৃহস্পতিবার রাতে হামলার বিষয়ে পুলিশ জানতেন বলে অভিযোগ রয়েছে এবং পুলিশের উপস্থিতিতে হামলা ও ভাঙচুর চালানো হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা মহানগর উত্তরের যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ জানান, মিরপুর-১ মুক্তিযোদ্ধা মার্কেট পাশে ‘রাড্ডা’ এখন (ওই রাতে) দখল হচ্ছে, রাড্ডা কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউটের কাজ হলো মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, টিকাদান কর্মসূচি যাবতীয় সামাজিক ও মানবিক সেবা কার্যক্রম।

সেখানে মিরাজ বলেন, ‘প্রায় ৭০০ থেকে ৮০০ লোকজন রাত ১টা ৩০ মিনিটে মাথায় লাল কাপড় পরে দখল চালাচ্ছে এখনো (বৃহস্পতিবার)। শাহ আলী থানার ওসিকে এই বিষয়ে অবগত করেছি ১ ঘণ্টা আগে.... । পুলিশের সামনেই ভাঙচুর হচ্ছে, কোনো জবাব নেই। কত টাকার বিনিময়ে একটি মানবিক সেবার কার্যালয় ভেঙে ফেলার চুক্তি হয়েছে সবার কাছে তার জবাব দিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত