
রাজধানীর মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবাকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
আজ শনিবার বেলা ৩টা ৪০ মিনিটে রাজধানীর মিরপুর ১-এ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ঘটনাটি আধা ঘণ্টা বা এক ঘণ্টায় ঘটানো সম্ভব নয়। ঘটনাস্থল পরিদর্শনে মনে হয়েছে, এটি সময় নিয়ে করা হয়েছে। বিশেষ করে, ভবনের দুই পাশের টিনশেড ক্ষতিগ্রস্ত ও ভাঙচুর করা হয়েছে। ভবনের বিভিন্ন জায়গায়ও ভাঙচুরের আলামত পাওয়া গেছে।
ডিএমপি কমিশনার আরও বলেন, ভবনের ভেতরে থাকা বিভিন্ন ডেটাসংক্রান্ত সরঞ্জাম ও যন্ত্রপাতির অনেকগুলো পাওয়া যাচ্ছে না। সেগুলো নিয়ে যাওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির লোকজন জানিয়েছেন।
মোসলেহ উদ্দিন আহমদ জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে তিনি মিরপুর বিভাগের উপকমিশনারকে (ডিসি) নির্দেশনা দিয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া এজাহারে নাম উল্লেখ থাকা একজনসহ আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।
স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছেন, স্থানীয় সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টির ইন্ধনে এই ঘটনা ঘটেছে এবং সে সময় তিনি পুলিশকে ব্যবহার করে ঘটনাটি ঘটিয়েছেন। এ ছাড়া স্থানীয় বাসিন্দারা বলেছেন, পুলিশ ভাঙচুর করার সময়ে উপস্থিত ছিল।
এ বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করলে ডিএমপি কমিশনার বলেন, ‘এই ধরনের একটি ঘটনা প্রিভেন্ট করা, এটি তো অবশ্যই পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা দেখছি যে, আমাদের পুলিশের এই ক্ষেত্রে কোনো অবহেলা ছিল কি না। যেহেতু এটি গভীর রাতের ঘটনা, তো আমরা দেখছি যে, পুলিশ জানার পরেও এখানে সময়মতো এসেছিল কি না এবং তাদের পক্ষ থেকে কোনো অবহেলা আছে কি না।’
মোসলেহ উদ্দিন আহমদ বলেন, ‘রাত পৌনে ২টার দিকে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানার পর সময়মতো ঘটনাস্থলে পৌঁছেছিল কি না এবং পুলিশের পক্ষ থেকে কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, সেসব বিষয় তদন্ত করা হচ্ছে। এ জন্য দারুস সালাম বিভাগের অতিরিক্ত উপকমিশনারকে (এডিসি) প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজকের মধ্যেই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনে পুলিশের কোনো সদস্যের অবহেলা বা গাফিলতি পাওয়া গেলে, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনায় রাজনৈতিক ইন্ধন বা স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, পুলিশের অবস্থান স্পষ্ট। কোনো দল বা মত দেখা হবে না, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা হবে। কোনো ধরনের দখল, বেআইনি বা আইনবহির্ভূত কর্মকাণ্ড কেউ করতে পারবে না। যারা এসব করবে, তাদের আইনের আওতায় আনা হবে।
একজন এমপির বিরুদ্ধে স্থানীয় বিএনপি নেতাদের করা নির্দিষ্ট অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোসলেহ উদ্দিন আহমদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। তদন্তে যাঁরা জড়িত থাকবেন, তাঁদের আইনের আওতায় আনা হবে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দুই শিক্ষার্থী অটোরিকশায় ঘুরতে বেরিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ সময় তাঁদের সঙ্গে থাকা এক ছাত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুমকি থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।
৩ মিনিট আগে
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালানো হয়েছে। মতিঝিলের এজিবি কলোনিতে কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম...
৪ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে ও রংপুরের পীরগাছায় একটি কুকুরের হামলায় শিশুসহ আটজন আহত হয়েছে। এ সময় দুটি গরু ও চারটি ছাগলও কুকুরটির আক্রমণের শিকার হয়েছে। পরে স্থানীয়রা কুকুরটিকে ধরে মেরে ফেলেন। আজ শনিবার সকাল থেকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল, দেওডোবা, মনিরাম ও পার্শ্ববর্তী রংপুরের...
১২ মিনিট আগে
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে উল্টো পথে আসা গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী ও তাঁর ১০ মাস বয়সী মেয়ে মারা গেছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগে