সিজিপিএ শর্ত শিথিল করে সর্বোচ্চ তিন কোর্স পর্যন্ত মানোন্নয়ন দিয়ে পরবর্তী বর্ষে চূড়ান্ত পরীক্ষায় সুযোগ প্রদানের দাবিতে আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার নীলক্ষেত মোড় অবরোধ করেন তাঁরা। অবরোধের প্রায় ছয় ঘণ্টা পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাঁরা অবরোধ তুলে নিয়েছেন।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার মাহমুদ অপু আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে অবরোধ প্রত্যাহার করেন।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী মোখলেছুর রহমান রবিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুজন প্রতিনিধি এসে আমাদের আশ্বাস দিয়েছেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন। ২৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় একটি সিদ্ধান্ত আসবে বলে তাঁরা জানিয়েছেন। ২৯ আগস্ট তারিখ থেকে তৃতীয় বর্ষের পরীক্ষা হওয়ার কথা, সেটাও স্থগিত করা হয়েছে। এ নিয়ে একটি নোটিশও পেয়েছি। মিটিংয়ের পর যদি কোনো ইতিবাচক সিদ্ধান্ত না আসে তাহলে আবার আন্দোলন হবে। আন্দোলন করে দাবি আদায় করা হবে।’
মৌখিক আশ্বাস দেওয়া বিশ্ববিদ্যালয়ের দুজন প্রতিনিধির নাম পরিচয় জানেন কি না—এমন প্রশ্নের জবাবে রবিন বলেন, ‘তাঁরা প্রতিনিধি বলেছেন। তাঁদের নাম-পরিচয় জিজ্ঞেস করা হয়নি। তবে দেখে শিক্ষক মনে হয়েছে।’
এ বিষয়ে সাত কলেজের প্রধান সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের পরীক্ষার তারিখ আমরা পিছিয়েছি। তাদের দাবির যৌক্তিকতা দেখা এবং দাবি যৌক্তিক হলে কতটুকু সমাধান করা যায় সে জন্য তাদের পরীক্ষার তারিখ পেছানো হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো প্রতিনিধি গিয়েছেন কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিনিধি যায়নি। তবে সরকারি সংস্থাগুলোর লোকজন, বিভিন্ন কলেজের শিক্ষক আমার কাছে এ ব্যাপারে জানতে এসেছিল। তাদের কেউ গেছে কি না, আমার জানা নেই।’
উল্লেখ্য, দাবি আদায় করতে কয়েক মাস ধরে আন্দোলন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। ১৭ আগস্ট রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। পরবর্তীকালে একটি প্রতিনিধিদল ইডেন কলেজের অধ্যক্ষ ও অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষ করে ২০ আগস্ট গণ-অনশনের ঘোষণা দেন। পরে সেটি স্থগিত করে ২২ আগস্ট নীলক্ষেত অবরোধ করেন।

সমস্যা-সংকট সত্ত্বেও যশোরে বেড়েছে রেলের যাত্রী ও আয়। গত এক বছরে আড়াই লাখের বেশি অতিরিক্ত যাত্রী যশোর রেলওয়ে জংশন থেকে যাত্রা করেছে। এতে আয় বেড়েছে ৬ কোটি টাকা। এর আগের বছরের তুলনায় রাজস্ব আয় বেড়েছে ৩০ শতাংশ।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ হাওরাঞ্চলে ২৩০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৪৯ টিতে প্রধান শিক্ষক নেই। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রতিটিতে একজন সহকারী শিক্ষককে বাড়তি দায়িত্ব হিসেবে প্রধান শিক্ষকের যাবতীয় কাজ করতে হচ্ছে। ফলে বিদ্যালয়ের নিয়মিত পাঠদান ও দাপ্তরিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।
২ ঘণ্টা আগে
শরীয়তপুরের জাজিরায় নির্মাণাধীন ১ হাজার ২০২ কোটি টাকার তীর রক্ষা প্রকল্পের কয়েকটি স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক দিনে প্রকল্পের প্রায় ২০০ মিটার অংশ পদ্মা নদীতে বিলীন হয়েছে। এতে নদীপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
ভোলার মনপুরা উপজেলা রক্ষায় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে বেড়িবাঁধ। সেই বাঁধেরও কয়েকটি স্থান ধস দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, পাউবোর সঠিক তদারকির অভাব এবং সাব-ঠিকাদার দিয়ে নিম্নমানের কাজের কারণে বৃষ্টিতেই ধসে যাচ্ছে বেড়িবাঁধ।
২ ঘণ্টা আগে