Ajker Patrika

সাবেক দুই রাজস্ব কর্মকর্তার ব্যাংক হিসাব অবরুদ্ধ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
সাবেক দুই রাজস্ব কর্মকর্তার ব্যাংক হিসাব অবরুদ্ধ
ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক দুই রাজস্ব কর্মকর্তার ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আলমগীর ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন।

যাঁদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে তাঁরা হলেন— সাবেক চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনীম ও সাবেক প্রথম সচিব ঈদতাজুল ইসলাম।

দুদকের আইনজীবী তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুই সাবেক রাজস্ব কর্মকর্তার ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, আবু হেনা রহমাতুল মুনীম, ঈদতাজুল ইসলাম ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ কমিশনে অনুসন্ধানে আছে। অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবসমূহে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গিয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তাঁরা বিভিন্ন মাধ্যমে এসব ব্যাংক হিসাবে রক্ষিত অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন হওয়ার আগে অস্থাবর সম্পদ হস্তান্তর, রূপান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হবে। অবিলম্বে এসব ব্যাংক হিসাবে থাকা অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত