Ajker Patrika

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা: সাবেক কনস্টেবলের মৃত্যুদণ্ড বহাল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২০: ২৩
যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা: সাবেক কনস্টেবলের মৃত্যুদণ্ড বহাল
ফাইল ছবি

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামী পুলিশের সাবেক কনস্টেবল আব্দুল আলীম সুমনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। একই সঙ্গে এ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরও এক আসামি শামীম আল মামুনের সাজা কমিয়ে যাবজ্জীবন দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল নিষ্পত্তি করে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এ রায় দেন। আসামিদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, আইনজীবী মো. জাহাঙ্গীর আলম এবং কে এম এ আল ফাহাদ বিন সগীর।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, আব্দুল আলীম শিল্প পুলিশে কর্মরত অবস্থায় ২০১১ সালের ৬ মে টাঙ্গাইল সদর উপজেলার ফলিয়ারঘোনা গ্রামের সুলতান আহমেদের মেয়ে সুমি আক্তারকে বিয়ে করেন। সুমির বাবা তিন লাখ টাকা যৌতুক দিলেও দুই লাখ টাকা বকেয়া রাখা হয়। ওই টাকার জন্য প্রায়ই সুমিকে নির্যাতন করা হতো। ২০১২ সালের ২০ এপ্রিল ঘুরতে যাওয়ার কথা বলে আলীম স্ত্রীকে ঢাকার তুরাগ থানার বেড়িবাঁধ এলাকায় নিয়ে শামীম আল মামুনের সহায়তায় গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন।

এ ঘটনায় সুমির মা টাঙ্গাইল থানায় মামলা করেন। ওই মামলায় আব্দুল আলীম গ্রেপ্তার হওয়ার পর স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। পরে আব্দুল আলীম কনস্টেবল পদ থেকে বরখাস্ত হন। বিচার শেষে ২০১৯ সালের ৫ আগস্ট দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। রায়ের পর ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরা আপিল করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত