
রাজধানীর আদাবরে ১০ নম্বর হাক্কার মোড় এলাকায় ব্যাগ ও খাল থেকে উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড নারীর মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। গতকাল শনিবার মরদেহের চার টুকরা উদ্ধারের পর আরও দুই পা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল রাতে আদাবর থানায় অজ্ঞাতনামা এক বা একাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা ও লাশ গুমের অভিযোগে মামলা হয়েছে।
আজ রোববার সন্ধ্যা পর্যন্ত নিহত নারীর পরিচয় বা লাশের দাবি নিয়ে কেউ পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি।
পুলিশ জানায়, গতকাল বিকেল ৫টার দিকে আদাবর ১০ নম্বর হাক্কার মোড় এলাকা থেকে খণ্ডবিখণ্ড অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করা হয়। একটি ব্যাকপ্যাকের ভেতর থেকে মাথা ও দুই হাত এবং খালে পাওয়া প্লাস্টিকের বস্তা থেকে শরীর ও দুই পা উদ্ধার করা হয়।
পরিচয় শনাক্তের জন্য ঘটনাস্থলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা গিয়ে আঙুলের ছাপ সংগ্রহ করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করা যায়নি।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, নিহত নারীর বয়স ১৮ বছরের কম বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ কারণে জাতীয় পরিচয়পত্রের সার্ভারে তাঁর তথ্য না থাকার সম্ভাবনা রয়েছে।
পুলিশের ধারণা, মরদেহটি অন্য কোনো স্থান থেকে খালে ফেলে দেওয়া হয়েছে। খালটিতে ময়লা-আবর্জনা থাকলেও পানির স্রোত রয়েছে। ফলে কয়েক দিন আগে অন্য কোথাও ফেলে দেওয়া মরদেহটি ভেসে ওই এলাকায় আসতে পারে।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, আজ সন্ধ্যা পর্যন্ত নিহত নারীর পরিচয় বা লাশের দাবি নিয়ে কেউ পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি। এ ঘটনায় আদাবর থানায় করা মামলায় অজ্ঞাতনামা এক বা একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টা থেকে ১২ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টার মধ্যে যেকোনো সময় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে। ১২ সেপ্টেম্বর রাত ১১টার দিকে থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা করা হয়।
পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত চলছে। ঘটনাস্থল ও এর আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার এসআই মহেশ চন্দ্র সিংহ। তিনি ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা করছেন।

চট্টগ্রামের সাতকানিয়ায় স্টার লাইন পরিবহনের বাসের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী ঈশা দাশ গুরুতর আহত হয়েছে। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন। এ সময় বাস ভাঙচুর ও সড়কে আগুন জ্বালানো হয়।
৬ মিনিট আগে
জয়পুরহাটের পাঁচবিবিতে সড়কের গাছ কাটার অভিযোগে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
১৭ মিনিট আগে
রাজশাহীর আলুপট্টির স্বচ্ছ টাওয়ারের একটি ফ্ল্যাটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীকে আটকে নির্যাতন ও ৪০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
২৭ মিনিট আগে
মুন্সিগঞ্জের গজারিয়ায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে সুমন সরকারের (৪০) বিরুদ্ধে। হত্যার পর ফজরের নামাজ পড়ে কুমিল্লার দিকে পালিয়ে যান তিনি। তবে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে