
কুমিল্লার দাউদকান্দিতে একটি হাইয়েস মাইক্রোবাস থেকে ২৫৬ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর এলাকার ইসা খাঁ পাম্পসংলগ্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কালো রঙের একটি হাইয়েস মাইক্রোবাস জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটির চালক পালিয়ে যান।
দাউদকান্দি মডেল থানার তদন্ত কর্মকর্তা শামসুল আলম জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম পলাশের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম, এসআই কাওসার হোসেনসহ পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, মাইক্রোবাসটি তল্লাশি করে কালো প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ২৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া কালো কাগজে মোড়ানো ভারতীয় ফেয়ারডিলের ১ হাজার ৫৭৫ বোতল এবং বাদামি প্লাস্টিকের কাগজে মোড়ানো ৪৮টি প্যাকেটে ভারতীয় এস্কাফের ১ হাজার ২০০ বোতল উদ্ধার করা হয়েছে।
পুলিশের অভিযান চলাকালে গাড়িটির চালক পালিয়ে যান। পরে গাড়িটি তল্লাশি করে এসব মাদক উদ্ধার করা হয়। পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি মাদকের এই বড় চালানের সঙ্গে কারা জড়িত, কোথা থেকে এসব মাদক আনা হয়েছিল এবং কোথায় নেওয়া হচ্ছিল—তা খতিয়ে দেখছে পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দাউদকান্দির সহকারী পুলিশ সুপার খলিলুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, দাউদকান্দিতে একসঙ্গে এত বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনা তাঁরা আগে দেখেননি। মহাসড়ক দিয়ে এত বড় মাদকের চালান পরিবহনের ঘটনায় তাঁরা বিস্ময় প্রকাশ করেন।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে মাদকের এই চালানের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। এদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তার স্বপনের বিরুদ্ধে কদমতলী থানায় হত্যা, মাদকসহ চারটি মামলা রয়েছে।
১ মিনিট আগে
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমেনা বলেন, ‘আমার স্বপ্ন ভালো একটি কলেজে পড়াশোনা করে ডাক্তার হওয়া। আমার বাবার তেমন সামর্থ্য নেই। তবে আমি চেষ্টা চালিয়ে যাব।’
৩১ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজ কাটার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহত শ্রমিকদের নাম-পরিচয় জানা যায়নি।
৩৯ মিনিট আগে
কুমিল্লার মেঘনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. সিয়াম (১৯) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে