Ajker Patrika

স্ত্রীকে উপর্যুপরি কোপানোর পর মৃত ভেবে থানায় আত্মসমর্পণ

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১০ জুলাই ২০২৬, ২৩: ২৫
স্ত্রীকে উপর্যুপরি কোপানোর পর মৃত ভেবে থানায় আত্মসমর্পণ
মোহাম্মদ কাজল। ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়েছেন মোহাম্মদ কাজল (২৮)। এরপর মৃত ভেবে দেবপুর পুলিশ ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। আজ শুক্রবার ভোরে উপজেলার ময়নামতি ইউনিয়নের গণেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে কাজলের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুলিশ দেখতে পায়, তাঁর স্ত্রী ইসরাত জাহান ইভা (২২) তখনো জীবিত। গুরুতর আহত গৃহবধূকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

ইভা উপজেলার নয়াকামতা এলাকার মনির হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী মোহাম্মদ কাজল বুড়িচং উপজেলার বলরামপুর গ্রামের বাসিন্দা। তাঁরা গণেশপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে কাজল প্রথমে শ্বাসরোধে স্ত্রীকে হত্যার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে ঘরে থাকা একটি বঁটি দিয়ে ইভার গলা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেন। পরে ইভাকে মৃত ভেবে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে ফেলে রেখে দেবপুর পুলিশ ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করেন।

এ ঘটনায় আজ বিকেলে আহত গৃহবধূর বোন বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা করেন।

সন্ধ্যায় বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুতফুর রহমান বলেন, অভিযুক্ত কাজল পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীকাল শনিবার তাঁকে আদালতে পাঠানো হবে। ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত