Ajker Patrika

দেবিদ্বারে জুলাই শহীদ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
দেবিদ্বারে জুলাই শহীদ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ
দেবিদ্বারে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন শহীদ আব্দুর রাজ্জাক রুবেলের স্ত্রী হ্যাপি আক্তার। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার দেবিদ্বারে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন কয়েকজন শহীদ পরিবারের সদস্য।

বুধবার (৫ আগস্ট) দুপুরে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দেবিদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় তারা এসব অভিযোগ করেন।

অনুষ্ঠানে শহীদ আব্দুর রাজ্জাক রুবেলের স্ত্রী হ্যাপি আক্তার বলেন, ‘যারা আমার স্বামীকে গুলি করে হত্যা করেছে, তারাই এখন আমাদের হুমকি দিচ্ছে। মামলায় কেউ কেউ গ্রেপ্তার হলেও কিছুদিন পর তারা জামিনে বের হয়ে আবার আমাদের সামনে দিয়ে চলাফেরা করে। ছোট সন্তানদের নিয়ে আমি নিরাপত্তাহীনতায় আছি।’

তিনি আরও বলেন, ‘আমার সন্তানেরা এখনো বাবার অপেক্ষায় থাকে। দুই বছর পার হয়ে গেলেও কেন চার্জশিট দেওয়া হচ্ছে না? আমি আমার স্বামী হত্যার বিচার চাই।’ এ কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

শহীদ সাগরের মা বিউটি আক্তার বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে তাঁর একমাত্র ছেলে সাগর নিহত হয়েছেন। তিনি ঢাকার মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেছেন। ওই মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ কয়েকজনের নাম রয়েছে বলে জানান তিনি।

বিউটি আক্তারের অভিযোগ, মামলার অগ্রগতি সম্পর্কে জানতে ঢাকায় যেতে পারছেন না। সেখানে গেলে ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি চক্র তাঁর ছেলে সাগরের পরিবারকে মৃত দেখিয়ে বাণিজ্য করার উদ্দেশ্যে এর আগে রাজধানীর দারুস সালাম থানায় একটি মামলা করেছে।

অনুষ্ঠানে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে আরও বক্তব্য দেন জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দেবিদ্বারের ১১টি জুলাই শহীদ পরিবারের সদস্য এবং ৪৬ জন গেজেটভুক্ত জুলাই যোদ্ধাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। পরে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সরকারি কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত কবিতা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

জুলাই শহীদ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগের বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে পুলিশ রয়েছে। কেউ হুমকি দিয়ে থাকলে অভিযোগ দিতে হবে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, একই দিন বিকেলে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াত, এনসিপিসহ ১১ দলীয় জোটের উদ্যোগে দেবিদ্বার নিউমার্কেট রহমানিয়া সুপার মার্কেটের সামনে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত