কুবি শিক্ষার্থী ও তাঁর মাকে হত্যার দায়ে সেই কবিরাজের মৃত্যুদণ্ড

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তাঁর মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে কবিরাজ মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। চাঞ্চল্যকর এ জোড়া হত্যাকাণ্ডের মামলায় অভিযোগপত্র দাখিলের মাত্র তিন মাসের মধ্যে বিচার শেষ করে রায় ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়াছির আরাফাত এ রায় দেন।
কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবদুল মোতালেব মজুমদার জানান, মামলায় মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আসামি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আসামিপক্ষে কোনো আইনজীবী না থাকায় ন্যায়বিচার নিশ্চিত করতে আদালত একজন আইনজীবী নিয়োগ দেন। ওই আইনজীবী আসামির পক্ষে সাক্ষীদের জেরা করেন। সাক্ষ্যপ্রমাণ ও আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।
এপিপি আরও জানান, হত্যাকাণ্ডের আগে কবিরাজ মোবারক হোসেন সুমাইয়া আফরিনকে ধর্ষণ করেন। এ সময় বিষয়টি দেখে ফেলায় তাঁর মা তাহমিনা বেগমকে বালিশচাপা দিয়ে হত্যা করেন। পরে সুমাইয়াকেও হত্যা করেন তিনি।
রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী ও নিহত তাহমিনা বেগমের বড় ছেলে তাজুল ইসলাম বলেন, ‘আমরা এ রায়ে সন্তুষ্ট। তবে মামলাটি উচ্চ আদালতে গেলে সেখানেও যেন ন্যায়বিচার পাই, সেই প্রত্যাশা করছি।’
আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর সকালে কুমিল্লা নগরের কালিয়াজুরি এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তাহমিনা বেগম সুজানগর এলাকার প্রয়াত নুরুল ইসলামের স্ত্রী। তাঁর মেয়ে সুমাইয়া আফরিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
হত্যাকাণ্ডের সময় মা-মেয়ে বাসায় একা ছিলেন। আগের দিন ৭ সেপ্টেম্বর রাতে তাহমিনা বেগমের দুই ছেলে বাসায় ফিরে তাঁদের মা ও বোনের হত্যার বিষয়টি জানতে পারেন। পরদিন এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করেন বড় ছেলে মো. তাজুল ইসলাম।
মামলার পরদিনই পুলিশ কবিরাজ মোবারক হোসেনকে (২৯) গ্রেপ্তার করে। পরে তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই দিন রাতেই তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।








