
কুমিল্লা নগরীতে মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম (১২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকেরা এখনো তার শরীর থেকে গুলিটি বের করতে পারেননি। গুলিবিদ্ধ স্থানে রক্তক্ষরণ অব্যাহত থাকায় তাকে নিয়মিত রক্ত দেওয়া হচ্ছে।
এদিকে এই ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা করা হয়েছে। প্রেমের বাবা ইউনুছ মিয়া বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন। মামলায় সাব্বির, অপুসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ছয়জনকে আসামি করা হয়েছে।
ইথান আহমেদ প্রেম কাঁটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয় সূত্র জানায়, টিফিনের বিরতিতে বাড়ি ফেরার পথে সে গুলিবিদ্ধ হয়। তার বাবা ইউনুছ মিয়া নগরীর সিটি পার্কে একটি রাইড পরিচালনার সঙ্গে যুক্ত।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শ্রাবণ নামে একজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে গুলিবিদ্ধ প্রেমকে বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ মোবাইল ফোনে প্রেমের বাবা ইউনুছ মিয়া বলেন, কুমিল্লায় চিকিৎসকেরা গুলিটি অপসারণে ঝুঁকি নিতে চাননি। ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হলেও এখন পর্যন্ত তা করা সম্ভব হয়নি। গুলিবিদ্ধ স্থানে রক্তক্ষরণ অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় রক্ত দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে অস্ত্রোপচারের মাধ্যমে গুলিটি অপসারণের চেষ্টা করা হবে।
প্রেমের মা সোনিয়া আক্তার বলেন, টিফিনের বিরতিতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাঁর একমাত্র ছেলে গুলিবিদ্ধ হয়। বর্তমানে মাঝেমধ্যে চোখ খুললেও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান জানান, গুলিটি শিশুটির ফুসফুস পর্যন্ত আঘাত করেছে। জটিলতার আশঙ্কায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
ঘটনার পর গুলিবিদ্ধ শিক্ষার্থীর পরিবারের সঙ্গে দেখা করেন কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জরুরি বৈঠক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে নগরীর কাঁটাবিল এলাকায় স্থানীয় নাগরিক কমিটির উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচি শেষে দেশীয় অস্ত্রধারী একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে প্রেমসহ অন্তত সাতজন আহত হন। আহত ব্যক্তিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রেমের অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগের রাতে মাদক কারবারকে কেন্দ্র করে কাঁটাবিল এলাকায় অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে উত্তেজনা, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনার প্রতিবাদ এবং মাদকবিরোধী সচেতনতা তৈরির উদ্দেশ্যে স্থানীয় বাসিন্দারা মানববন্ধনের আয়োজন করলে সেখানে হামলা ও গুলির ঘটনা ঘটে।

গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে মৃত্যুর পরও দাফনের জায়গা মিলছে না। বারান্দায় মরদেহ রেখে স্বজনদের অপেক্ষার প্রহর গুনতে হয়েছে রাতভর। স্থানীয় মাতব্বর, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে দফায় দফায় সালিসি বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। শেষ পর্যন্ত বসতবাড়ির উঠানেই মেনোকার মরদেহ
১০ মিনিট আগে
শেরপুরে জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে শেরপুর শহরের নবীনগর এলাকার পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় তাঁর আবাসিক ভবন থেকে তাঁদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।
৩০ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাতে দোকান বসানো ও চাঁদা তোলাকে কেন্দ্র করে নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে.এম. চঞ্চল ও তার অনুসারীদের সঙ্গে ঢাকা কলেজ ছাত্রদলের নেতা কর্মীদের প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
১ ঘণ্টা আগে
নিয়মে রয়েছে, উপাচার্য (ভিসি) হতে ১০ বছরের শিক্ষকতাসহ ২০ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা থাকতে হবে, কিন্তু সেই অভিজ্ঞতা নেই মো. শরীফ আশরাফুজ্জামানের। মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি ও এলপিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করে অবসরে যাওয়া এই কর্মকর্তাই এখন বেসরকারি সাউদার্ন ইউনিভার্সিটির ভিসি
২ ঘণ্টা আগে