Ajker Patrika

কুমিল্লার মেঘনায় নিখোঁজ ১১ বছরের শিশু উদ্ধার, পরিবারের জিম্মায় হস্তান্তর

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মেঘনায় নিখোঁজ ১১ বছরের শিশু উদ্ধার, পরিবারের জিম্মায় হস্তান্তর
শিশুটিকে তার অভিভাবকের হাতে তুলে দেয় মেঘনা থানা পুলিশ। ছবি: আজকের পত্রিকা

গত দুই দিন ধরে নিখোঁজ থাকা ১১ বছর বয়সী শিশু ওয়াসিম আব্দুল্লাহর খোঁজ মিলেছে। কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজার থেকে উদ্ধার করে তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে মেঘনা থানা পুলিশ। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মেঘনা থানাধীন মানিকারচর বাজারে শাহ আলমের সার দোকানের সামনে শিশুটিকে ঘোরাফেরা করতে দেখা যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ শিশুটির পরিচয় শনাক্ত করে তার অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে। অভিভাবকেরা মেঘনা থানায় এসে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিশুটিকে শনাক্ত করলে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়। ওয়াসিম আব্দুল্লাহ কুমিল্লার হোমনা উপজেলার দুর্গাপুর গ্রামের আমির হোসেন ও তৈয়বার ছেলে।

শিশুটির অভিভাবক পুলিশকে জানান, গত ১০ জুলাই থেকে ওয়াসিম নিখোঁজ ছিল। দীর্ঘ দুই দিন পর তাকে ফিরে পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন এবং মেঘনা থানা-পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, `উদ্ধার হওয়া শিশুটির পরিচয় নিশ্চিত করে সব আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত