Ajker Patrika

বিয়ে ভেঙে যাওয়ায় প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ২০: ৩৫
বিয়ে ভেঙে যাওয়ায় প্রেমিককে ভিডিও কলে রেখে কলেজছাত্রীর আত্মহত্যা
প্রতীকী ছবি

মুঠোফোনে ওমানপ্রবাসী যুবকের সঙ্গে পরিচয়। সেখান থেকে ধীরে ধীরে প্রণয়। এরপর পরিণয়ের পথে যখন এগিয়ে যেতে চাইল দুজন, তখনি ঘটল বিঘ্ন। সানজিদা আক্তার প্রীতির (২৪) বাবা অটোরিকশাচালক জেনে বিয়েতে ভেটো দেয় পাত্রপক্ষের লোকজন। অভিমান, অপমান আর হতাশায় প্রেমিকের সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থাতেই আত্মহত্যা করলেন কুমিল্লার চৌদ্দগ্রামের কলেজছাত্রী প্রীতি।

আজ বুধবার দুপুরে উপজেলার বাতিসা ইউনিয়নের দৈয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বিকেলে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

প্রীতি দৈয়ারা গ্রামের শাহজালালের মেয়ে। তিনি চৌদ্দগ্রাম সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাশিনগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের ওমানপ্রবাসী সাজ্জাদ নামে এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রীতির প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে সাজ্জাদ বিয়ের প্রস্তাব দিলে প্রীতি তাতে সম্মতি দেন।

১২ নভেম্বর সাজ্জাদের মা, বোন ও খালা প্রীতিকে দেখতে তাঁদের বাড়িতে যান। তবে প্রীতির বাবা অটোরিকশাচালক বলে পাত্রপক্ষের তাঁদের পছন্দ হয়নি।

প্রীতির বড় বোন স্মৃতি জানান, তাঁদের বাবা একসময় মুদি দোকান করতেন। ব্যবসায় লোকসান হওয়ায় বর্তমানে অটোরিকশা চালিয়ে সংসার চালান তিনি। এ বিষয়টি নিয়ে পাত্রপক্ষের লোকজন বিভিন্ন কটূক্তি করেন এবং প্রীতিকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে রাজি নন বলে প্রীতি জানিয়েছিলেন তাঁদের। প্রীতি এও জানিয়েছিলেন যে, সাজ্জাদ তাঁকে বিয়ে করতে চান এবং নিয়মিত মুঠোফোনে যোগাযোগ রাখছেন।

স্মৃতি আরও জানান, আজ দুপুরে প্রীতি কাউকে কিছু না জানিয়ে নিজের কক্ষের দরজা বন্ধ করে দেন। পরিবারের সদস্যরা প্রথমে ধারণা করেছিলেন, তিনি ঘুমাচ্ছেন। বিকেল পর্যন্ত কোনো সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি করেও সাড়া না মেলায় তাঁরা দরজা ভেঙে ভেতরে ঢোকেন। সেখানে ঘরের এক কোণে আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় প্রীতিকে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। পরে তাঁর মুঠোফোন পরীক্ষা করে স্মৃতি দেখতে পান, আত্মহত্যার আগে সাজ্জাদের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন প্রীতি।

তাঁদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নেয়।

প্রীতির মামা রফিকুল ইসলাম জানান, কয়েক দিন আগে তাঁর ভাগ্নিকে দেখতে বিয়ের প্রস্তাব নিয়ে ছেলের পরিবারের সদস্যরা এসেছিলেন। পরে তাঁরা মেয়েকে পছন্দ হয়নি বলে জানান। এ ঘটনায় অভিমান করেই প্রীতি আত্মহত্যা করেছেন বলে তাঁদের ধারণা।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন জানান, কলেজছাত্রীর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় এনেছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পরিবারের কোনো অভিযোগ থাকলে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত