Ajker Patrika

শিশুখাদ্যে সিঁদুর ও কাপড়ের রং ব্যবহার, ৯০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
শিশুখাদ্যে সিঁদুর ও কাপড়ের রং ব্যবহার, ৯০ হাজার টাকা জরিমানা
শিশুখাদ্যে সিঁদুর ও কাপড়ের রং ব্যবহার করছিল এসএ ফুড প্রোডাক্টস (মুসলিম ফুড)। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার বুড়িচংয়ে শিশুদের জন্য তৈরি চানাচুর, বিস্কুট, ঝালমুড়ি, লাড্ডু, মটরভাজা ও চিপসে নিষিদ্ধ কাপড়ের রং এবং সিঁদুরের রং ব্যবহারের অভিযোগে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে একটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত বুড়িচং বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে এসএ ফুড প্রোডাক্টস (মুসলিম ফুড) নামের প্রতিষ্ঠানে চানাচুর, বিস্কুট, ঝালমুড়ি, লাড্ডু, মটরভাজা ও চিপস তৈরিতে নিষিদ্ধ শিল্পকারখানার রং বা কাপড়ের রং এবং সিঁদুরের রং ব্যবহারের বিষয়টি ধরা পড়ে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের বিষয়টিও পাওয়া যায়। এসব অপরাধে এসএ ফুড প্রোডাক্টসকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, ইচ্ছেমতো বিভিন্ন পরীক্ষার মূল্য নির্ধারণ এবং জীবন বিপন্নকারী কার্যকলাপের অভিযোগে আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

শিশুখাদ্যে সিঁদুর ও কাপড়ের রং ব্যবহার করছিল এসএ ফুড প্রোডাক্টস (মুসলিম ফুড)। ছবি: আজকের পত্রিকা
শিশুখাদ্যে সিঁদুর ও কাপড়ের রং ব্যবহার করছিল এসএ ফুড প্রোডাক্টস (মুসলিম ফুড)। ছবি: আজকের পত্রিকা

প্রতিষ্ঠান দুটিকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে এবং সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। সহযোগিতা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা জুয়েল মিয়া।

অভিযানের সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কুমিল্লা শাখার সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, কুমিল্লা জেলা পুলিশের একটি দল, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং নিরাপদ খাদ্যের নমুনা সংগ্রহকারী মো. সাকিব উপস্থিত ছিলেন।

অভিযান শেষে মো. কাউছার মিয়া বলেন, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত