গোমতীর মাটি কাটলে যত বড় হেডম ওয়ালাই হোক, গোনার টাইম নাই: হাসনাত আবদুল্লাহ

যারা গোমতীর মাটি কাটার সিদ্ধান্ত নিয়েছে, তারা যত বড় হেডম ওয়ালাই হোক, তাদের গোনার টাইম নাই—বলে হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, নিয়মের মধ্যে কাজ করতে হেডমের প্রয়োজন হয় না। যারা নদীর মাটি কেটে মানুষের ক্ষতি করবে, তাদের সামাজিকভাবে প্রত্যাখ্যান করতে হবে।
আজ শুক্রবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিষ্ণুপুর চৌমুহনী ঈদগাহ মাঠে স্থানীয় লোকজনের সঙ্গে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাফরগঞ্জ থেকে বিষ্ণুপুর পর্যন্ত গোমতী নদীর ওপর সেতু নির্মাণের বিষয়ে আলোচনা করতে এ সভার আয়োজন করা হয়।
অবৈধ ইটভাটা চালু করা নিয়েও সতর্ক করেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এবার যারা ব্রিকফিল্ড চালু করতেছেন, আপনারা লাগান। খরচটা একটু কইরালন, খরচটা কইরা লাগাইলে এনা ভাংতাম। কিছু না থাকলে ভাংমু কি। ইট যে বানাইতাছেন, চুঙ্গা যে বানাইতাছেন সবগুলারে একেবারে সমান করে ফেলা হবে। অবৈধ কোনো জিনিসকে টলারেড করা হবে না।
দেবিদ্বারের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সময় রাজনৈতিক দল থাকবে। তবে এর বাইরে বিভাজন হবে অপরাধী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের একদিকে এবং সাধারণ জনগণের অন্যদিকে।
বক্তব্যে বর্তমান সরকারের সমালোচনা করে সংসদ সদস্য বলেন, সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার সুযোগ দেওয়া হয় না। গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন তুললেও তা গণমাধ্যমে প্রচার করা হয় না। অথচ সংসদে এমন অনেক প্রশ্ন করা হয়, যেগুলোর উত্তর সহজেই গুগলে খুঁজে পাওয়া সম্ভব।
সভায় এলাকাবাসী তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগ তুলে ধরে জাফরগঞ্জ-বিষ্ণুপুর সংযোগ সেতু নির্মাণের দাবি জানান। রঘুরামপুর গ্রামের বাসিন্দারা বলেন, প্রতিবছর বন্যায় নদীতীরবর্তী বাড়িঘর তলিয়ে যায়। নদীভাঙনে হারাতে হয় বসতভিটা ও ফসলি জমি। এ সমস্যা থেকে স্থায়ী মুক্তির জন্য তাঁরা গোমতী নদীর গতিপথ পরিবর্তনে লুপ কাটিংয়ের ব্যবস্থার দাবিও জানান।
জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, সংসদের পরবর্তী অধিবেশনে তিনি বিষয়টি তুলে ধরবেন। এলাকার মানুষের স্বার্থে প্রয়োজন হলে সংশ্লিষ্টদের কাছে বারবার অনুরোধ জানাতেও তাঁর আপত্তি নেই।









