এমপির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

কুমিল্লার তিতাসে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। এতে অনুষ্ঠানস্থলে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর ড. মোশাররফ হোসেন উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানে জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশী উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ জামাল ভেন্ডারের সমর্থকেরা সভাস্থলে প্রবেশ করেন। এ সময় সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি এমদাদ হোসেনের সমর্থকেরা স্কুলের গেটের সামনে এলে জামালের সমর্থকেরা বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
পরে এমদাদ চেয়ারম্যান ও তাঁর লোকজন সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চের দিকে এগিয়ে গেলে জামালের ওপর হামলা হয় এবং তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। একপর্যায়ে তা সংঘর্ষ ও মারামারিতে রূপ নেয়। এতে উভয় পক্ষের ১০ থেকে ১২ জন আহত হন। ভাঙচুর করা হয় অনুষ্ঠানস্থলের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এমপি সেলিম ভূঁইয়া এবং অন্য নেতা-কর্মীরা বিদ্যালয়ের একটি কক্ষে আশ্রয় নেন।
দুই পক্ষের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় শেষ পর্যন্ত পণ্ড হয়ে যায় সংবর্ধনা অনুষ্ঠান। সংসদ সদস্যকে সংবর্ধনা জানাতে আয়োজিত অনুষ্ঠানে এমন ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।









