Ajker Patrika

টেকনাফে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৫

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১৯: ৫৬
টেকনাফে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৫
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ হোসেন (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৌকায় থাকা আরও পাঁচ জেলে আহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোরে সাগরে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হোসেন সেন্ট মার্টিন এলাকার বাসিন্দা মোহাম্মদ বশরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকায় বসবাস করছিলেন।

আহত পাঁচ জেলে হলেন—আবুল কালাম (৩০), আবুল কাসিম (২৪), ওসমান (২৫), শফি আলম ও হামিদুল হক। তাঁরা সবাই উত্তর লম্বরী এলাকার বাসিন্দা।

নৌকার মাঝি হামিদুল হক জানান, গতকাল সোমবার দুপুরে উত্তর লম্বরী নৌঘাট থেকে ছয়জন জেলে নিয়ে ট্রলারে করে তাঁরা সাগরে মাছ ধরতে যান। আজ মঙ্গলবার ভোরে সাগরে জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত সরাসরি তাঁদের ট্রলারে এসে পড়লে ছয় জেলে গুরুতর আহত হন।

পরে ট্রলারটি উপকূলে ফিরিয়ে এনে আহত জেলেদের দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নওশাদ আলম কানন বলেন, বজ্রপাতে আহত ছয় জেলেকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই একজনের মৃত্যু হয়। আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, সাগরে বজ্রপাতে তাঁদের এলাকার এক জেলের মৃত্যু হয়েছে। নিহতের স্বজনেরা টেকনাফে আসছেন। পরে মরদেহ সেন্ট মার্টিনে নিয়ে যাওয়া হবে বলে তাঁরা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত