আসছে ২০২৭ সালে বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবের দিনগুলোতে সরকারি সাধারণ ছুটি, নির্বাহী আদেশে ছুটি এবং ঐচ্ছিক ছুটি মিলিয়ে ২৯ দিন বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে সাত দিনের সাপ্তাহিক সাধারণ ছুটি অন্তর্ভুক্ত থাকায় সেগুলো বাদে মোট ২২ দিন ছুটি প্রয়োগ করার সুযোগ থাকছে।
সোমবার (২ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটির এই সূচি অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বৈঠকের আলোচ্যসূচি বিস্তারিত বর্ণনা করেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০২৭ খ্রিষ্টাব্দের জন্য ১৫ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব মন্ত্রিপরিষদের বৈঠকে অনুমোদন করা হয়েছে। এসব ছুটির মধ্যে সাত দিনের সাপ্তাহিক ছুটি (তিনটি শুক্রবার ও চারটি শনিবার) রয়েছে। ফলে মোট ছুটি দাঁড়াচ্ছে ২২ (২৯-৭) দিন।
এসব ছুটির মধ্যে জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৫ দিনের সাধারণ ছুটি রয়েছে। এই সাধারণ ছুটির মধ্যে চারটি সাপ্তাহিক ছুটির দিন (দুটি শুক্রবার ও দুটি শনিবার) রয়েছে। বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে তিনটি সাপ্তাহিক ছুটির দিন (একটি শুক্রবার ও দুটি শনিবার) রয়েছে। ধর্মীয় পর্ব উপলক্ষে প্রজাতন্ত্রের কর্মচারীদের বছরে অনধিক তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগের সুযোগ রয়েছে। পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ সামাজিক উৎসব উদ্যাপন উপলক্ষে দুই দিন ঐচ্ছিক ছুটি মঞ্জুর করা হয়েছে।








-2cab4f-256x144.webp)

