Ajker Patrika

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটিয়ে হত্যা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   
আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৭: ৫৩
জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটিয়ে হত্যা
নিহত সাকিব। ছবি: সংগৃহীত

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণের মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এর আগে ওই দিন সকাল ৭টার দিকে তাঁকে পিটিয়ে আহত করা হয়।

নিহত চিকিৎসকের নাম মেহেদী হাসান সাকিব (৩০)। তিনি বদরখালী ইউনিয়নের সাতডালিয়াপাড়া গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে। সাকিব পশুচিকিৎসার প্রশিক্ষণ নিয়ে এলাকায় গবাদিপশু চিকিৎসা করতেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, গত শুক্রবার বদরখালীর উপকূলের লবণের মাঠে কাজ করার সময় এক শ্রমিকের পায়ের জুতা চুরি হয়ে যায়। এরপর চোর সন্দেহে সাকিবের নিকটাত্মীয় জাহাঙ্গীরের সঙ্গে খারাপ ব্যবহার করেন মাঝি (দলনেতা) হেলাল। বিষয়টি জানতে পেরে সাকিব ও তাঁর ভাই মোশারফ সেখানে গেলে মোশারফকেও মারধর করেন হেলাল, তাঁর ছেলে ইমনসহ আরও কয়েকজন যুবক। এ নিয়ে ওই দিন তাঁদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এরপর স্থানীয়ভাবে দুই পক্ষের বিরোধ মীমাংসায় সালিস হয়। তবে সালিসে কোনো সুরাহা হয়নি।

এরপর গতকাল সকাল ৭টার দিকে ইমন ও তাইফুলের নেতৃত্বে একদল যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাকিবের বাড়িতে হামলা চালান। সাকিবকে রাস্তার মধ্যে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন। তাঁকে উদ্ধার করতে গেলে হামলায় মোশারফ করিম (২৪) ও মোহাম্মদ আরাফাতকে (২১) কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। এরপর স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সাকিবকে চমেক হাসপাতালে রেফার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘নিহত সাকিবের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত