
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে কক্সবাজারে পাঁচ দিন ধরে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এর ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও সামুদ্রিক জোয়ারে জেলার ১০ উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এ সময়ে বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাত থেকে গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির, কক্সবাজার শহর, চকরিয়া ও পেকুয়াসহ বিভিন্ন স্থানে পাহাড় ধস, দেয়াল চাপা ও পানিতে ডুবে প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু রোহিঙ্গা শিবিরেই অন্তত ১৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে অধিকাংশই শিশু।
গতকাল বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সংসদে জানিয়েছেন, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড় ধসে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারে ৩০ জনের মৃত্যু হয়েছে।
মন্ত্রীর দেওয়া তথ্যমতে, টানা বৃষ্টিতে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজারসহ বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। সেখানে পাহাড় ধসে বেশ কিছু প্রাণহানি ঘটেছে। চট্টগ্রামে পাহাড় ধসে ৫, কক্সবাজারে ১৯, রাঙামাটিতে এক ও বান্দরবানে ৫ জনের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, দুর্গত এলাকায় আশ্রয়কেন্দ্র খোলা, খাদ্য ও নগদ সহায়তা দেওয়া এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসন কাজ করছে।
জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, বুধবার থেকে মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বেড়েছে। গতকাল বৃহস্পতিবার মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে চকরিয়া, মাতামুহুরী, পেকুয়া, রামু, উখিয়া ও ঈদগাঁও উপজেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। জোয়ারের প্রভাবে টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া ও কক্সবাজার সদরের উপকূলের কয়েকটি গ্রামে পানি ঢুকেছে।
তিন দিন ধরে রেলপথে পানি ওঠায় কক্সবাজারে সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। একই সময়ে কক্সবাজার থেকে মহেশখালী নৌপথ বন্ধ রয়েছে। গত এক সপ্তাহ ধরে সেন্ট মার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী।
এ দিকে, গতকাল কক্সবাজার-টেকনাফ মহাসড়কের চেইন্দা এলাকা পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যায়। এ ছাড়া চকরিয়া ও মাতামুহুরি অভ্যন্তরীণ সড়ক ঢলের পানিতে ডুবে রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার।

আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী ১২ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। এ সময়ে কক্সবাজার অঞ্চলে পাহাড়ধসের সম্ভাবনা রয়েছে।’
রোহিঙ্গা কোর্ডিনেশন প্ল্যাটফর্ম (আরসিপি)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারী বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধসে মানবিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেন এক বিবৃতিতে জানিয়েছেন, গত ৪ জুলাই রাত থেকে ৯ জুলাই দুপুর পর্যন্ত ক্যাম্পে ১৫ জন রোহিঙ্গা নিহত, ১৮ জন আহত এবং ২৬ হাজার ১১৯ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ সময়ে ৪ হাজার ৩০৭ জন সাময়িকভাবে বাস্তুচ্যুত হয়েছেন।
এই সময়ে ২৮৬টি আবহাওয়াজনিত ঘটনা ঘটেছে জানিয়ে ইভো ফ্রেইসেন জানিয়েছেন, এর মধ্যে ৯৫টি ভূমিধস, ১৫৬টি ঝোড়ো হাওয়া এবং ২১টি বন্যার ঘটনা রয়েছে। টানা বৃষ্টিতে ২ হাজার ৮০৯টি আশ্রয় আংশিক এবং ১৩টি আশ্রয় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি শিক্ষা কেন্দ্র, স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ স্থাপনাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস করা তিন হাজারের বেশি রোহিঙ্গাকে ইতিমধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এই কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি পাহাড়ধস ও প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে ক্যাম্পে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশি নির্যাতনে গ্রেপ্তারকৃত আসামির মৃত্যুর গুজবে প্রকাশ্যে থানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় ১৮ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়...
১ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দলীয় উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন।
২৫ মিনিট আগে
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অধিকাংশ গভীর নলকূপ পানিতে তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। এখনো বিচ্ছিন্ন রয়েছে সাতকানিয়া-বাঁশখালী সড়ক যোগাযোগ। তবে ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি।
৩০ মিনিট আগে
নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের (৭০) মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
৩৭ মিনিট আগে