কক্সবাজারের টেকনাফে অপহরণের চেষ্টাকালে ৪ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে র্যাব। ভিকটিম শিশুটির মা-বাবা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। এ সময় অপহরণচেষ্টায় জড়িত সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।
আজ বুধবার বিকেলে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার আ.ম ফারুক এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১২ টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের পল্লান পাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়ার আবদুস ছালামের ছেলে শাহাব উদ্দিন (২৮), একই এলাকার হাফেজ উল্লাহর ছেলে কেফায়েত উল্লাহ্ (২৪) ও মহেশখালী পাড়ার কামাল হোসেনের ছেলে আব্দুর রজব মিয়া (৩৫)।
সহকারী পুলিশ সুপার আ.ম ফারুক বলেন, মঙ্গলবার দুপুরে র্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের একটি টহল দল খবর পায়, নতুন পল্লান পাড়া এলাকায় একটি শিশুকে অপহরণের চেষ্টা করা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে র্যাবের চৌকস দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়।
ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজনের হাতে ধৃত অপহরণচেষ্টাকারী তিন সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করে হেফাজতে নেয়। পরে আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় ব্যক্তিদের বরাতে র্যাবের এই কর্মকর্তা জানান, অপহৃত শিশু পশ্চিম গোদারবিলের বাসিন্দা মো. জুবায়ের (৪০) এর ভাগনে। দুপুরে বাড়ির সামনের পাকা রাস্তায় হাটাহাটি করছিল ভিকটিম। এ সময় আটক ব্যক্তিরা শিশুটিকে অপহরণের চেষ্টা চালায়। তখন স্থানীয় লোকজন তিনজনকে আটক করে।
উদ্ধার শিশুকে তার পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে আ.ম ফারুক জানিয়েছেন, আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

জুলাই গণহত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দ্রুত নিষ্পত্তি করার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেসব নেতা-কর্মী ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের বিচারের আওতায় আনার পাশাপাশি গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগেরও বিচারের দাবি জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মাসহ প্রধান তিনটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে পদ্মা নদীর অন্তত চার স্থানে তীব্র ভাঙন শুরু হয়েছে। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হলেও স্থায়ী নদীশাসনের দাবি জানিয়েছেন বাসিন্দারা।
৩ ঘণ্টা আগে
পাবনার আটঘরিয়ায় প্রায় অর্ধকোটি টাকার সৌর সেচ প্রকল্প চালু হওয়ার আগেই অচল হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, প্রকল্পের সৌর প্যানেল, ব্যাটারি ও বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। ফলে কৃষকদের জন্য নেওয়া একটি ভালো উদ্যোগ পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে।
৩ ঘণ্টা আগে
বৈরী আবহাওয়া ও অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চার ইউনিয়নের প্রায় ৮০০ মিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত মেরামত করা না হলে বর্ষার শেষ দিকে বাঁধ ভেঙে বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। ইতিমধ্যে কয়েক স্থানে বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
৪ ঘণ্টা আগে