
জুলাই গণহত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দ্রুত নিষ্পত্তি করার দাবি জানিয়েছে ১১ দলীয় ঐক্য। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেসব নেতা-কর্মী ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের বিচারের আওতায় আনার পাশাপাশি গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগেরও বিচারের দাবি জানিয়েছেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মানববন্ধনে ১১ দলের নেতারা এই দাবি জানান।
জুলাই গণহত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দ্রুত নিষ্পত্তি করার দাবিতে ১১ দলীয় ঐক্য এই মানববন্ধন করে। মানববন্ধন শেষে চিফ প্রসিকিউটর ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি দেন ১১ দলীয় ঐক্যের নেতারা।
মানববন্ধনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘গণহত্যার বিচার না হলে জনতার আদালতে এই সরকারের বিচার হবে। ২০২৪ সালের ৫ আগস্ট আমাদের শহীদ ও আহত-পঙ্গুত্ব বরণকারীরা জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন।’
জামায়াতের এই নেতা বলেন, ‘জাতি প্রত্যাশা করেছে বিপ্লব-পরবর্তী প্রথম কাজ হবে গণহত্যার বিচার, তারপর রাষ্ট্র সংস্কার, এরপর নির্বাচন। কিন্তু গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কার ব্যতীতই একটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসে চিফ প্রসিকিউটরকে সরিয়ে দিয়ে দলীয় চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়েছে। দলীয় চিফ প্রসিকিউটর নিয়োগের পর থেকে গণহত্যার বিচারে ধীরগতি দেখা যাচ্ছে। ফলে আবারও বিচারহীনতার সংস্কৃতি দেখা যাচ্ছে।’
গণহত্যার বিচার দ্রুত নিষ্পত্তি করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান আযাদ।
মানববন্ধনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই বিপ্লবের পর বিএনপি নির্বাচনের জন্য যতটা উদগ্রীব ছিল, রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচারের বিষয়ে বর্তমানে তাদের কোনো উদগ্রীবতা দেখা যায় না।
ফুয়াদ আরও বলেন, ‘সরকার যদি নিজেদেরকে জুলাইয়ের শক্তির পক্ষের শক্তি মনে করে, তবে অবশ্যই আওয়ামী লীগের যেসব নেতা-কর্মী ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িত, তাঁদের বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে।’
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, ‘জুলাই আন্দোলনকালীন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সকল সংগঠনের সভাপতি-সেক্রেটারিকেও গণহত্যার সঙ্গে জড়িত থাকার দায়ে বিচারের আওতায় আনতে হবে। গণহত্যার বিচার নিয়ে গড়িমসি কাম্য নয়, মেনে নেওয়া হবে না।’ বিচার দ্রুত নিষ্পত্তি করতে প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা নিয়োগ দিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে আরও বক্তব্য দেন নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আতহারী, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম প্রমুখ।
মানববন্ধন শেষে ৭ দফা দাবিতে চিফ প্রসিকিউটর ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি দেন ১১ দলের নেতারা। এতে বলা হয়, ২০২৪ সালে মানবতাবিরোধী অপরাধে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বহু কর্মকর্তা এখনো গ্রেপ্তার না হয়ে সরকারি দায়িত্বে বহাল রয়েছেন। তাই তদন্তে যাঁদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া যাবে, তাঁদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অনেক চিহ্নিত ব্যক্তিকে এখনো গ্রেপ্তার করা হয়নি। এ কারণে সাক্ষীরা ভয়ভীতির মধ্যে রয়েছেন। তাই তদন্তে যাঁদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া যাবে, তাঁদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
স্মারকলিপিতে আরও বলা হয়, গুম-সংক্রান্ত মামলার তদন্ত ও বিচারে অস্বাভাবিক ধীরগতি লক্ষ করা যাচ্ছে। এতে ন্যায়বিচার নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাই দ্রুত তদন্ত শেষ করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নিতে হবে।

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মাসহ প্রধান তিনটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে পদ্মা নদীর অন্তত চার স্থানে তীব্র ভাঙন শুরু হয়েছে। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হলেও স্থায়ী নদীশাসনের দাবি জানিয়েছেন বাসিন্দারা।
২ ঘণ্টা আগে
পাবনার আটঘরিয়ায় প্রায় অর্ধকোটি টাকার সৌর সেচ প্রকল্প চালু হওয়ার আগেই অচল হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, প্রকল্পের সৌর প্যানেল, ব্যাটারি ও বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। ফলে কৃষকদের জন্য নেওয়া একটি ভালো উদ্যোগ পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে।
২ ঘণ্টা আগে
বৈরী আবহাওয়া ও অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চার ইউনিয়নের প্রায় ৮০০ মিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত মেরামত করা না হলে বর্ষার শেষ দিকে বাঁধ ভেঙে বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। ইতিমধ্যে কয়েক স্থানে বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা সালাউদ্দিন (৪০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে।
৫ ঘণ্টা আগে