Ajker Patrika

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: কারণ অনুসন্ধানে তদন্ত দল, খোঁজ নেই মুক্তার

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১৯: ০৮
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: কারণ অনুসন্ধানে তদন্ত দল, খোঁজ নেই মুক্তার
স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার খোঁজে রিসোর্টে আবারও তল্লাশি। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে তদন্ত কমিটি। গতকাল শনিবারের এ ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত ছয়জন হাসপাতালে ভর্তি আছেন। নিখোঁজ রয়েছেন ঢাকার স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তা।

আজ রোববার দুপুরে কমিটির প্রধান ও কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনিম জাহানের নেতৃত্বে সদস্যরা রিসোর্টটি পরিদর্শন করেন। তদন্ত দলের সদস্যরা প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান সাংবাদিকদের বলেন, রিসোর্টটি নির্মাণে নিয়ম মানা হয়েছে কি না এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ অন্যান্য সুরক্ষাব্যবস্থা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কার্যক্রমও চলছে।

তাসনিম জাহান বলেন, ডিএনএ পরীক্ষা ছাড়া উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করা সম্ভব নয়। প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি থেকে পাওয়া সব তথ্য বিশ্লেষণ করা হবে।

তাসনিম জাহান আরও বলেন, রিসোর্ট নির্মাণে সরকারি বিভিন্ন দপ্তরের প্রয়োজনীয় অনুমোদন দরকার। সেসব অনুমোদন নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে।

পর্যটনকেন্দ্রিক বিভিন্ন স্থাপনা ও সেবাখাতের অনুমোদন এবং নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাসনিম জাহান বলেন, এসব স্থাপনা নির্মাণে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয় না। কোনো কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স নেই, আবার অনেকে লাইসেন্স নবায়নের ক্ষেত্রেও নিয়ম মানেন না।

তাসনিম জাহান বলেন, প্রয়োজনীয় অনুমোদন না নিয়ে রাতারাতি গড়ে তোলা স্থাপনার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসন ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সমন্বয়ে রিসোর্টগুলো দ্রুত যাচাইয়ের সিদ্ধান্ত হয়েছে। কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনের সময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর ও পর্যটন করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে নিখোঁজ পর্যটক নাসরিন আক্তার মুক্তার খোঁজে আজ আবারও ফায়ার সার্ভিসের কর্মীরা রিসোর্টের ধ্বংসস্তূপে তল্লাশি চালান।

স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার খোঁজে রিসোর্টে আবারও তল্লাশি। ছবি: আজকের পত্রিকা
স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার খোঁজে রিসোর্টে আবারও তল্লাশি। ছবি: আজকের পত্রিকা

গত বৃহস্পতিবার দুই বান্ধবী আইরিন জাহান ও ইসরাত জাহানের সঙ্গে টুপটুপ রিসোর্টে উঠেছিলেন নাসরিন আক্তার মুক্তা। আজ রোববার তিনজনের ফেরার কথা ছিল।

আইরিন জাহান ও ইসরাত জাহান অগ্নিকাণ্ডের আগে হাঁটার জন্য রিসোর্ট থেকে বের হয়েছিলেন। আগুন লাগার পর থেকে নাসরিন আক্তার মুক্তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

নাসরিন আক্তার মুক্তা ঢাকার আশুলিয়া এলাকার একটি স্কুলে শিক্ষকতা করেন। তাঁর স্বামী দেওয়ান ফয়সাল ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি। স্ত্রীর খোঁজ নিতে কক্সবাজারে আসা দেওয়ান ফয়সাল বলেন, হাসপাতাল, মর্গ ও রিসোর্টে খুঁজেও তিনি তাঁর স্ত্রীর কোনো অস্তিত্ব পাননি।

দেওয়ান ফয়সাল বলেন, হাসপাতালের মর্গে থাকা লাশের যে অবস্থা, কারও পরিচয় শনাক্ত করার উপায় নেই।

মরদেহের সংখ্যা নিয়ে বিভ্রান্তি:

নাসরিন আক্তার মুক্তা নিখোঁজের বিষয়টি সামনে আসার পর রিসোর্ট থেকে উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে ছয়জনের পরিচয় শনিবার নিশ্চিত করা গেলেও চারজনের পরিচয় নিয়ে কোনো তথ্য ছিল না।

রিসোর্টের টয়লেট থেকে শনিবার উদ্ধার হওয়া চারজনের মরদেহ যশোরের মনিরামপুরের নাহিদুর রহমান, তাঁর স্ত্রী ও তাঁদের দুই সন্তানের বলে দাবি করেছেন নাহিদুরের ভাই জাহিদুর রহমান।

তাসনিম জাহান বলেন, নিহত ব্যক্তিদের স্বজনেরা ইতিমধ্যে যোগাযোগ করেছেন। তাঁদের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে ডিএনএ পরীক্ষা ছাড়া মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তাসনিম জাহান বলেন, সম্ভাব্য একজনের বিষয়ে তথ্য পাওয়া গেলেও অগ্নিকাণ্ডের সময় তিনি রিসোর্টে ছিলেন নাকি বাইরে ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি। প্রয়োজনে তাঁর মুঠোফোনের অবস্থান শনাক্তের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত