খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় আইসিটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে সার্ভার কক্ষে রাখা ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে কার্যালয়ের দ্বিতীয় তলায় আইসিটি কক্ষে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মাসুদ রানা বলেন, সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তদন্ত ছাড়া আগুনের সূত্রপাতের কারণ বলা সম্ভব নয়।
এ বিষয়ে জানতে খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাতের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।









