Ajker Patrika

সাতকানিয়ায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীর মৃত্যু

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
সাতকানিয়ায় বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীর মৃত্যু
বাসের ধাক্কায় গুরুতর আহত স্কুলছাত্রী ঈশা দাশ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় স্টার লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত স্কুলছাত্রী ঈশা দাশের (১২) মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে চট্টগ্রাম নগরের বেসরকারি রয়েল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ঈশা দাশ সাতকানিয়া উপজেলার ছদাহা কেফায়েত উল্লাহ-কবির আহমদ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। সে ছদাহা ইউনিয়নের দাশপাড়া এলাকার সুনীল দাশের মেয়ে।

পুলিশ, স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিদ্যালয়ে দুপুরের বিরতির পর সহপাঠীদের সঙ্গে বাড়ি ফেরার উদ্দেশ্যে মিঠাদিঘী এলাকায় মহাসড়ক পার হচ্ছিল ঈশা। এ সময় চট্টগ্রামমুখী স্টার লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়।

ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় ঈশা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম নগরের বেসরকারি রয়েল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। রোববার রাত আটটার দিকে সেখানে তার মৃত্যু হয়।

স্কুলছাত্রী আহত হওয়ার ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা প্রায় দুই ঘণ্টা মহাসড়কের মিঠাদিঘী এলাকায় আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এতে সড়কের দুই দিকে শত শত গাড়ি আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

অবরোধকারীরা মিঠাদিঘী এলাকায় গতিরোধক ও পদচারী সেতু স্থাপনের দাবি জানান। পুলিশ ও স্থানীয় সংসদ সদস্য গতিরোধক ও পদচারী সেতু নির্মাণের আশ্বাস দিলে তাঁরা সরে যান।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, বাসের ধাক্কায় আহত স্কুলছাত্রীটি পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অবরোধকারীদের দাবির পর রাতেই ওই এলাকায় গতিরোধক স্থাপন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত