
সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার ছুটি শুরুর আগে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শেষ কর্মদিবস। ছুটি উপলক্ষে আবাসিক হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। আগামী ২৫ অক্টোবর নিয়মিত কর্মদিবস শুরুর কথা থাকলেও উপাচার্য নিয়োগসংক্রান্ত সংকটের সমাধান না হলে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চুয়েটে শুরু হওয়া আন্দোলন ২৩ দিনে গড়িয়েছে। গত ২১ সেপ্টেম্বর রাতে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। পরবর্তীতে আন্দোলনে শিক্ষার্থী-শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীরাও যুক্ত হয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন।
২২ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক শাটডাউন চলছে। ক্লাস, পরীক্ষা ও ল্যাব কার্যক্রম বন্ধ রয়েছে।
দীর্ঘ আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়েছে। ছয়টি বিভাগের চূড়ান্ত পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে। বিভিন্ন বিভাগের সেমিস্টার পরীক্ষা ও ল্যাব কার্যক্রমও ব্যাহত হচ্ছে। পরীক্ষা পিছিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সেশনজটের আশঙ্কা তৈরি হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের এক দফা দাবি হলো, নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল করা। শিক্ষার্থীদের অভিযোগ, মাত্র ৫৬ দিনের মাথায় সাবেক উপাচার্যকে অপসারণের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশে সংকট তৈরি করেছে।
যন্ত্রকৌশল বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী আহনাব শাহরিয়ার অর্ণব বলেন, ‘আমাদের দাবি পূরণ হলে আন্দোলন শেষ হবে।’
নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম নিয়োগের পর প্রথম দিকে ক্যাম্পাসে প্রবেশ করতে না পেরে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে অনলাইনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন। গত ১২ অক্টোবর সকাল সাড়ে ৮টায় মাইক্রোবাসে করে তিনি ক্যাম্পাসে প্রবেশ করে তালা ভেঙে উপাচার্যের কার্যালয়ে বসেন।
উপাচার্যের কার্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের বাধার মুখে অধ্যাপক শেখ শরীফুল আলম সেখানে অবরুদ্ধ হয়ে পড়েন। পরদিন ১৩ অক্টোবর চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগ নেন। উপাচার্যের নিরাপত্তা ও চিকিৎসার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার ৩০ ঘণ্টার অবরুদ্ধ অবস্থা থেকে উপাচার্যকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। তিনি এখনো সেখানে চিকিৎসাধীন আছেন।
গতকাল বুধবার প্রকাশিত এক বিবৃতিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, তাঁদের আন্দোলন কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়। উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন বাতিল এবং অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল করাই তাঁদের একমাত্র দাবি। আন্দোলনকে রাজনৈতিকভাবে উপস্থাপনের চেষ্টার প্রতিবাদ জানিয়ে তাঁরা সরকারের কাছে দ্রুত সংকট সমাধানের আহ্বান জানান।

বগুড়ায় যুবলীগ নেতা তালেব হত্যা মামলায় তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়ার দায়রা জজ (স্পেশাল) আদালতের বিচারক মো. আয়েজ উদ্দিন এ রায় ঘোষণা করেন।
৩ মিনিট আগে
দুর্গাপূজা উপলক্ষে সাভার ও আশুলিয়ার ২৩৮টি মণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার। অভিযোগ উঠেছে, প্রভাবশালী চক্রের কাছে কম দামে বরাদ্দপত্র বিক্রি করতে বাধ্য হয়েছেন পূজারিরা। আশুলিয়ায় মণ্ডপপ্রতি ২০ হাজার এবং সাভারে ২১ হাজার ৫০০ টাকা দেওয়া হয়েছে।
১৪ মিনিট আগে
জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৮৩ লাখ ২২ হাজার ৩৭১ টাকার সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ পরিদর্শক মো. ফখরুদ্দীন ভূঞা ও তাঁর স্ত্রী জাহানারা খানমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ময়মনসিংহে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে।
২৬ মিনিট আগে
বিকাশ বগুড়া থেকে জয়পুরহাট শহরের পূর্ব বাজারে তাঁর দুলাভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কড়াই ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিকাশের মৃত্যু হয়।
২৯ মিনিট আগে