
বাংলাদেশে হৃদ্রোগ এখন নীরব মহামারিতে রূপ নিয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, ধূমপান, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মানসিক চাপ, স্থূলতা ও ব্যায়ামের অভাবকে হৃদ্রোগ বৃদ্ধির প্রধান কারণ হিসেবে উল্লেখ করে তাঁরা বলেছেন, হার্ট অ্যাটাক প্রতিরোধে এখনই সচেতনতা বাড়ানো এবং জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরি।
আজ শুক্রবার (৮ মে) সকালে চট্টগ্রাম নগরের প্রবর্তক সংঘের মাস্টারদা সূর্য সেন অডিটরিয়ামে ‘হার্ট অ্যাটাক: প্রতিকার ও প্রতিরোধ’ শীর্ষক সেমিনারের আয়োজন করে প্রবর্তক সংঘ। এতে চিকিৎসক, সমাজসেবক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সেমিনারে জানানো হয়, হৃদ্রোগের প্রাথমিক পর্যায়ে অনেক রোগী শারীরিক পরিশ্রমের সময় বুকের মাঝখানে চাপ বা ব্যথা অনুভব করেন। অনেক সময় বুক ভারী হয়ে আসে, বাঁ হাত, কাঁধ কিংবা চোয়ালে ব্যথা ছড়িয়ে পড়ে। কারও কারও ক্ষেত্রে পেটের ওপরের অংশেও অস্বস্তি দেখা দেয়। চিকিৎসকদের মতে, এসব উপসর্গকে অনেকে গ্যাস্ট্রিক বা সাধারণ দুর্বলতা ভেবে অবহেলা করেন। অথচ এগুলো হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণ হতে পারে। পরে অতিরিক্ত ঘাম, শ্বাসকষ্ট, মাথাঘোরা কিংবা জ্ঞান হারানোর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।
অনুষ্ঠানের উদ্বোধক একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, দেশে হার্ট অ্যাটাকের প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। আগে বেশি বয়সী মানুষ হৃদ্রোগে আক্রান্ত হলেও এখন তরুণদের মধ্যেও এই রোগ বাড়ছে।
এম এ মালেক বলেন, ‘মানুষের জীবনযাত্রার পরিবর্তন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও মানসিক চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সচেতনতা সৃষ্টি করতে পারলে অনেকাংশে এই সমস্যা মোকাবিলা সম্ভব।’
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন বলেন, হৃদ্রোগ বর্তমানে দেশের অন্যতম বড় জনস্বাস্থ্য সমস্যা।
মেয়র হৃদ্রোগকে নগরের জলাবদ্ধতার সঙ্গে তুলনা করে বলেন, ‘যেভাবে ড্রেন বা খাল বন্ধ হয়ে গেলে পানি জমে যায়, একইভাবে রক্তনালিতে ব্লক তৈরি হলে হার্ট অ্যাটাক হয়।’ তিনি আরও বলেন, চট্টগ্রামে মেজবানসহ অতিরিক্ত গরুর মাংস খাওয়ার প্রবণতাও হৃদ্রোগ বৃদ্ধির একটি কারণ। অতিরিক্ত চর্বি ও কোলেস্টেরল শরীরে নানা জটিলতা তৈরি করে।

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদ্রোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক প্রবীর কুমার দাশ বলেন, রক্তনালিতে চর্বি জমে ব্লক তৈরি হওয়াই হার্ট অ্যাটাকের অন্যতম কারণ। ধূমপান, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল এই ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। বর্তমানে এনজিওগ্রামের মাধ্যমে হার্টের ব্লক শনাক্ত করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সময়মতো চিকিৎসা শুরু হলে রোগীর জীবন বাঁচানোর সম্ভাবনাও বেড়ে যায়।
সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক মো. আনোয়ারুল হক চৌধুরী বলেন, দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত জীবনযাপন ও শারীরিক সমস্যার কারণে ধীরে ধীরে হৃদ্রোগ তৈরি হয়। অধ্যাপক এ কে এম মনজুর মোর্শেদ বলেন, যন্ত্রনির্ভর জীবনে মানুষের শারীরিক পরিশ্রম কমে যাওয়ায় স্থূলতা ও ডায়াবেটিস বাড়ছে, যা হৃদ্রোগের ঝুঁকি বাড়াচ্ছে। তিনি প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটার পরামর্শ দেন।
সেমিনারে হৃদ্রোগ প্রতিরোধে নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান ও মাদক পরিহার, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।

পাঁঠা ও হাঁস বলিসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙামাটির কাপ্তাইয়ে সর্পদেবী মনসার পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে এ পূজা অনুষ্ঠিত হয়।
৮ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের নূরে মদিনা ইব্রাহিমিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। সোমবার (১৭ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে নবীপুর চনকান্দা মসজিদের পাশ থেকে তাঁদের অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম বলেন, ‘স্বপন চাকমা আমার কার্যালয়ে এসে ঘটনা বলতে থাকে। তার কথাবার্তা শুনে প্রথমে আমি অবাক হয়েছিলাম। পরে জীবতলী হেডম্যান হিটলার দেওয়ানের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানাই। এরপর হেডম্যানসহ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি।’
১ ঘণ্টা আগে
খুলনা নগরীতে অভিযান চালিয়ে আলামিন হাওলাদার ওরফে বেলু ওরফে ‘শুটার বেলু’কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে নগরীর বড় মির্জাপুর এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে